কানাডায় জ্বলন্ত গাড়ির ভেতর থেকে ভারতীয় যুবকের দেহ উদ্ধার! পরিকল্পিত খুনের তদন্তে নামল হোমিসাইড টিম

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকা থেকে ২৫ বছর বয়সী তুষার শর্মা নামের এক ভারতীয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সারে শহরের বাসিন্দা তুষারের দেহ একটি জ্বলন্ত গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে ইতিমধ্যেই জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ ল্যাংলির রলিনসন ক্রিসেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর মেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ল্যাংলি পুলিশ এবং দমকল বা ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর কাজ চলাকালীন জরুরি বিভাগের কর্মীরা গাড়ির ভেতর মানুষের দেহাবশেষ দেখতে পান। এরপরই ঘটনাটিকে খুন হিসেবে গণ্য করে তদন্ত শুরু করা হয়।
ঘটনার গুরুত্ব খতিয়ে দেখে তদন্তের ভার নিয়েছে কানাডার ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ (আইএইচআইটি)। তাঁদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে ল্যাংলি আরসিএমপি, ফরেনসিক দল এবং বিসি করোনার্স সার্ভিস। তদন্তকারীরা তুষার শর্মার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মৃত্যুর আগের শেষ মুহূর্তগুলির ঘটনাপ্রবাহ পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন। মৃত্যুর আগে তিনি কোথায় গিয়েছিলেন এবং কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, তুষার শর্মার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং কানাডায় তাঁর পরিচিত বা সামাজিক বৃত্তও ছিল অত্যন্ত সীমিত।
আইএইচআইটি-এর সার্জেন্ট ফ্রেডা ফং জানিয়েছেন, তদন্তকারীরা ইতিমধ্যেই তুষারের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলেছেন। তাঁর ব্যক্তিগত জীবন, দৈনন্দিন রুটিন এবং শেষ কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানতে বিদেশে থাকা তাঁর আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।
এই হত্যাকাণ্ডের নেপথ্যে প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের অনুমান, তুষার শর্মাকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করেই খুন করা হয়েছে। তাঁর সঙ্গে কারও কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় কতজন জড়িত এবং কেন গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তাও তদন্তের আওতায় রয়েছে। সিসিটিভি ফুটেজ বা ওই সময় এলাকায় সন্দেহজনক কোনো গতিবিধি নজরে এলে তা অবিলম্বে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।