বদলে গেল ট্রেনের সময়, পুরীতে শুরু বৃষ্টি! বাংলার উপকূলে কতটা প্রভাব ফেলবে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’?

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করে এবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। বৃহস্পতিবার সকালে ভারতীয় মৌসম ভবনের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, কলিঙ্গপত্তনম থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে, পুরীর ৫৯০ কিলোমিটার দক্ষিণে এবং চেন্নাইয়ের ৫৮০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছে। প্রবল এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ‘আকভান’। ল্যান্ডফলের সময় এটি গোপালপুরের পূর্ব দিকের খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর প্রবল আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার পুরীতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং যাত্রী নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো বড় প্রভাব পড়বে না। তবে পরোক্ষ প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার এবং জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পুরোপুরি সতর্ক রয়েছে জেলা প্রশাসন। নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি শুরু হয়েছে।

আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে উপকূলবাসী ও মৎস্যজীবীদের মধ্যে। সমুদ্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার জেরে সমুদ্রও যথেষ্ট উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার কিংবা ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সতর্ক থাকার পাশাপাশি আগামী ২১ নভেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষত, দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর নামখানা ও ফ্রেজারগঞ্জে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বকখালি উপকূলেও কড়া নজর রাখছে প্রশাসন। বিভিন্ন ঘাটে নোঙর করা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝোড়ো হাওয়া বা উত্তাল ঢেউয়ের ধাক্কায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য ট্রলার ও নৌকাগুলিকে শক্ত করে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকা, মৎস্য বন্দর এবং নদীঘাটগুলিতে পুলিশি টহলও বাড়ানো হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বকখালি, ফ্রেজারগঞ্জ-সহ বিভিন্ন সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসনের তরফে মাইকিং ও নজরদারি চালানো হচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই কড়া নজর রাখছেন প্রশাসন থেকে শুরু করে উপকূলের বাসিন্দারা।