কেরোসিন ভেবে দাহ্য রাসায়নিক ঢালতেই ভয়াবহ বিপদ! হানিমুন দুর্ঘটনায় মৃত্যু নববধূর

শত চেষ্টাতেও শেষরক্ষা হলো না। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে হার মানলেন নিকিতা সাহা। দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ অগ্নিদগ্ধের শিকার হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এই নববধূ। বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার দিন আগে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন নিকিতার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠায় তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন নিকিতা। তাঁর অকাল প্রয়াণে পরিবার ও পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন চোপড়ার নিকিতা সাহা। একটি হোমস্টেতে রাতে বারবিকিউ আয়োজন চলাকালীন আচমকা আগুন ছড়িয়ে পড়ে এবং তাতে গুরুতর দগ্ধ হন তিনি। অভিযোগ অনুযায়ী, সেদিন বৃষ্টির আবহের মধ্যেই হোমস্টেতে ক্যাম্পফায়ার ও বারবিকিউ চলছিল। সেই সময় আগুনের শিখা কিছুটা স্তিমিত থাকায় তা বাড়ানোর চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে, ঠিক তখনই হোমস্টের কোনো কর্মী কিংবা উপস্থিত অন্য কারও মাধ্যমে কেরোসিন ভেবে অত্যন্ত দাহ্য তরল রাসায়নিক আগুনে ঢেলে দেওয়া হয়। এর ফলে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ভয়াবহ আকার ধারণ করে এবং নিকিতার শরীরে আগুন ধরে যায়। দুর্ঘটনায় তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায় বলে জানা যায়।

সেই ভয়াবহ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিকিতার স্বামী সমীরও অগ্নিদগ্ধ হন। আগুন নেভাতে গিয়ে তাঁর হাতেও ছ্যাঁকা লাগে এবং কিছুটা পুড়ে যায়। নিকিতার শরীরের বড় অংশ ঝলসে যাওয়ায় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে। ঘটনার গুরুত্ব ও উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত তাঁকে শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগও ওঠে। দীর্ঘদিন ধরে একের পর এক হাসপাতালে চিকিৎসা চললেও শেষরক্ষা হলো না এবং না ফেরার দেশে পাড়ি জমালেন নববধূ নিকিতা।