কর আদায়ের জন্য নয়, জলের অপচয় রুখতে বসবে মিটার! রাজ্যবাসীকে বড় বার্তা জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর

জল আছে তো জীবন আছে—এই চিরন্তন সত্যকে সামনে রেখেই রাজ্যের জলসঙ্কট নিয়ে বড়সড় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী অজয় পোদ্দার। একের পর এক পুকুর ও জলাশয় বুজিয়ে ফেলার কারণেই আজ পশ্চিমবঙ্গ চরম জলসঙ্কটের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি শহরাঞ্চলে জল জমার সমস্যার জন্যও অপরিকল্পিত নির্মাণকেই দায়ী করেছেন মন্ত্রী। বুধবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় রাজ্যের বর্তমান জলসঙ্কটের জন্য নাম না করে পূর্ববর্তী সরকারকেই কার্যত কাঠগড়ায় তুললেন অজয় পোদ্দার।
ভারত চেম্বার অফ কমার্স এবং ইলেকট্রোস্টিলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওয়াটার কনজারভেশন অ্যান্ড এ সার্কুলার ওয়াটার ইকোনমি: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে জল সংরক্ষণকে একটি বৃহত্তর গণআন্দোলনে পরিণত করার ডাক দেন মন্ত্রী। এদিনের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ পাচিসিয়া, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিনিধি এবং ইলেকট্রোস্টিলের শীর্ষ আধিকারিকেরা। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অজয় পোদ্দার উদ্বেগের সঙ্গে জানান, রাজ্যে ভূগর্ভস্থ জলস্তর অত্যন্ত দ্রুত হারে নিচে নেমে যাচ্ছে। পশ্চিমবঙ্গ শস্য-শ্যামলা রাজ্য হিসেবে পরিচিত হলেও দেশের মোট জলের ভাণ্ডারের মাত্র ৪ শতাংশ রয়েছে এই রাজ্যে। ফলে এখনই জল ধরে রাখার ব্যবস্থা না করলে ভবিষ্যতে ভয়াবহ বিপদ নেমে আসবে।
বিগত আমলের প্রশাসনিক অব্যবস্থা ও নির্বিচারে জলাশয় বুজিয়ে ফেলা নিয়ে এদিন তীব্র উষ্মা প্রকাশ করেন মন্ত্রী। সরাসরি নাম না নিলেও তাঁর নিশানায় ছিল পূর্ববর্তী সরকার। অজয় পোদ্দার বলেন, “এর আগের ৫০ বছরে না কোনো সঠিক ভাবনা ছিল, না কাজের গভীরতা, না বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তা। বাংলার নিজস্ব সংস্কৃতি ছিল পুকুর ও জলাশয় কেন্দ্রিক। কিন্তু বিগত দিনে পুকুর বুজিয়ে বাংলাকে অনুর্বর করার চেষ্টা হয়েছে। জলাশয় ভরাট করে প্রচুর নির্মাণকাজ হয়েছে। আগে এক পুকুরের অতিরিক্ত জল অন্য পুকুর হয়ে নদীতে গিয়ে পড়ত। মাঝের পুকুরগুলি বুজিয়ে ফেলার ফলেই এখন জল জমা এবং জলসঙ্কট—এই দুই সমস্যা একসঙ্গে দেখা দিচ্ছে।”
রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্যের কথা তুলে ধরে অঞ্চলভিত্তিক জল সংরক্ষণের রূপরেখাও দেন মন্ত্রী। তিনি জানান, বাঁকুড়া ও বীরভূম জেলায় একাধিক নদী থাকলেও পর্যাপ্ত চেক ড্যাম না থাকায় বর্ষার জল ধরে রাখা যাচ্ছে না। তাঁর মতে, অন্তত দু’মিটার উচ্চতার চেক ড্যাম তৈরি করা গেলে ওই এলাকার সেচ ও পানীয় জলের সমস্যা অনেকটাই মিটে যাবে। অন্যদিকে, পুরুলিয়ার ঝুরঝুরে মাটিতে বৃষ্টির জল ধরে রাখতে পুকুর খুঁড়ে তলদেশে বিশেষ আস্তরণ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। পাশাপাশি দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিস্তৃত রাজ্যে পাহাড়ি এলাকার জলস্তর পুনরুজ্জীবন এবং উপকূলবর্তী অঞ্চলে নোনা জলের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নমামি গঙ্গে’ এবং ‘জল জীবন মিশন’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করে অজয় পোদ্দার জানান, জলের অপচয় রুখতে জলের মিটার বসানো অত্যন্ত জরুরি। তবে সাধারণ মানুষের ওপর কর চাপানো বা কর আদায়ের জন্য নয়, বরং জলের প্রকৃত ব্যবহার এবং কোথায় কতটা অপচয় হচ্ছে তা চিহ্নিত করতেই এই পদক্ষেপ প্রয়োজন। উদাহরণ হিসেবে তিনি গুজরাতের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে নর্মদার জল ১৪০০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে প্রতি এক কিলোমিটার অন্তর পুকুর তৈরি করে সবুজায়ন ঘটানো হয়েছে। এছাড়া রাজস্থানের মতো ছাদ থেকে বৃষ্টির জল ভূগর্ভস্থ ট্যাঙ্কে সংরক্ষণ এবং নদী-খাল সংস্কার করে জলপথ পরিবহণকে সস্তা করার ওপর জোর দেন তিনি। সবশেষে সাধারণ মানুষের সচেতনতার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া জলের উৎস রক্ষা করা অসম্ভব; জল বাঁচলে তবেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।