“মদ্যপানের মিথ্যে অজুহাতে ৩০ লক্ষ টাকার বিমা খারিজ!”-TATA AIG-কে কড়া শাস্তি দিল ক্রেতা সুরক্ষা আদালত

পথ দুর্ঘটনায় মৃত্যুর পর মদ্যপানের হাস্যকর ও ভিত্তিহীন যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে ৩০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দিতে অস্বীকার করেছিল নামী বিমা সংস্থা ‘টাটা এআইজি’। কিন্তু শেষ পর্যন্ত সেই মামলায় লড়ে বাজিমাত করল মৃতের পরিবার। বিমা সংস্থার সমস্ত সওয়াল ও ভুয়া যুক্তি এক লহমায় খারিজ করে দিয়ে তামিলনাড়ুর ক্রেতা সুরক্ষা আদালত সাফ জানিয়ে দিয়েছে, মৃতের পরিবারকে সুদে-আসলে সমস্ত বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে।
পুরো ঘটনাটি ঠিক কী ঘটেছিল?
সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গোবিন্দাস্বামী নামের এক ব্যক্তি স্টেট ব্যাঙ্কের পেনশন অ্যাকাউন্টের মাধ্যমে টাটা এআইজি (Tata AIG)-র একটি পলিসি করিয়েছিলেন, যার মেয়াদ ছিল ২০২২ সালের ৪ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। ২০২২ সালের ৯ এপ্রিল এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাঁকে ভেলোরের সিএমসি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
এরপর বিমার চুক্তি অনুযায়ী ৩০ লক্ষ টাকার দাবি জানিয়ে ২০২২ সালের ৫ ডিসেম্বর আবেদন করেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। কিন্তু ২০২৩ সালের ৯ জানুয়ারি টাটা এআইজির পক্ষ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। সংস্থার অন্ধ দাবি ছিল, মদ খেয়ে গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ঘটলে বিমার টাকা দেওয়া হয় না এবং দুর্ঘটনার দিন গোবিন্দস্বামী নেশাগ্রস্ত ছিলেন।
আদালতে চরম বিপাকে বিমা সংস্থা
বিমা সংস্থার এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে ভেলোরের জেলা ক্রেতা সুরক্ষা আদালতের দারস্থ হয় গোবিন্দস্বামীর পরিবার। সেখানে পরিবারের পক্ষেই রায় যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনে আপিল করে টাটা এআইজি। কিন্তু সেখানেও শেষরক্ষা হয়নি, রাজ্য কমিশনও আগের রায়ই বহাল রাখে।
আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, হাসপাতালের একটি সাধারণ কাগজের টুকরো দেখিয়ে বিমা সংস্থা দাবি করেছিল যে গোবিন্দস্বামী মদ্যপ ছিলেন। কিন্তু সেই তথ্যের সপক্ষে তারা কোনো পোক্ত ল্যাব রিপোর্ট বা প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে সংস্থাটি। বিচারপতিরা জানান, কার রক্তের নমুনা পরীক্ষা হয়েছে, কোন ল্যাবে পরীক্ষা হয়েছে—তার কোনো বালাই ছিল না। প্রমাণ ছাড়া শুধু একটা সংখ্যা বসিয়ে দিলেই তা সত্যি বলে মেনে নেওয়া যায় না। এখানেই শেষ নয়, বিমা সংস্থা যে কাগজ জমা দিয়েছিল, তাতে গোবিন্দস্বামীর মৃত্যুর তারিখ লেখা ছিল ২০২২ সালের ১১ এপ্রিল, অথচ পরিবারের নথি অনুযায়ী তাঁর মৃত্যু হয়েছিল ১৮ এপ্রিল! ফলে কাগজপত্রের এই গরমিলও হাতেনাতে ধরা পড়ে যায়।
আদালতের ঐতিহাসিক রায় ও কড়া নির্দেশ
আদালত স্পষ্ট জানিয়ে দেয়, বিমা সংস্থা যদি কোনো বিশেষ নিয়মের অজুহাত দেখিয়ে টাকা দিতে অস্বীকার করে, তবে সেই নিয়ম সত্যিই লঙ্ঘন হয়েছে কি না তা প্রমাণের দায়িত্ব সম্পূর্ণ ওই সংস্থারই, গ্রাহকের বা তাঁর পরিবারের নয়।
রায়দানের সময় আদালত টাটা এআইজি-কে নির্দেশ দিয়েছে—
২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে জেলা আদালতের রায়দানের দিন পর্যন্ত বার্ষিক ৯% হারে সুদসহ ৩০ লক্ষ টাকা দিতে হবে পরিবারকে।
পরিষেবায় গাফিলতি এবং মানসিক হয়রানির জন্য ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৫০,০০০ টাকা।
আইনি লড়াই ও মামলার খরচ বাবদ পরিবারকে আরও ২৫,০০০ টাকা দিতে হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, হাসপাতালের সাধারণ কাগজে শুধু মদ্যপানের কথা উল্লেখ থাকলেই কোনো বিমা সংস্থা হুট করে দাবি খারিজ করতে পারে না। দুর্ঘটনার মুহূর্তে সংশ্লিষ্ট ব্যক্তি সত্যিই নেশাগ্রস্ত ছিলেন কি না, তা প্রমাণ করার ভার সম্পূর্ণ বিমা সংস্থার। এই রায়ের ফলে সাধারণ গ্রাহকরা কিছুটা হলেও ন্যায়বিচার পাওয়ার ভরসা পেলেন।