নেশার আসরে বচসা থেকে রক্তাক্ত পরিণতি! পাথরে মাথা থেঁতলে বন্ধুকে খুন, পায়ের ছাপ ধরেই জালে অভিযুক্ত

উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় এক বন্ধুকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল অপর বন্ধুর বিরুদ্ধে। ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে এক যুবককে খুন করার পর ড্রেনে দেহ ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে পড়ে থাকা পায়ের ছাপের সূত্র ধরেই খাস কামারহাটি থেকে অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সন্তোষ কর্মকার (৩৫)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পুরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগরে। অন্যদিকে, ধৃত অভিযুক্তের নাম সুভাষ দাস ওরফে পোকা বুড়ো।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুভাষ দাস ও সন্তোষ কর্মকার দুজনেই বন্ধু ছিলেন এবং প্রায়ই তাঁরা একসঙ্গে বসে নেশা করতেন। গত রবিবার রাতেও দুজনকে একসঙ্গে শেষবার ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এরপর থেকেই সন্তোষ নিখোঁজ ছিলেন এবং তাঁর কোনো খোঁজ মিলছিল না। অবশেষে সোমবার রাতে স্থানীয় একটি ড্রেনের মধ্যে থেকে পাথর চাপা দেওয়া ও মাথা গুঁজে পড়ে থাকা অবস্থায় সন্তোষের নিথর দেহ উদ্ধার হয়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্ত করতে গিয়ে পুলিশ আধিকারিকরা মৃতদেহের আশপাশে একাধিক সন্দেহজনক পায়ের ছাপ দেখতে পান। সেই পায়ের ছাপগুলি কার এবং কোন জুতোর বা পায়ের মাপের, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেন তদন্তকারীরা। পুলিশের সন্দেহ জোরালো হয় যে, এই পায়ের ছাপ মৃত সন্তোষের কোনো ঘনিষ্ঠ বা পরিচিত ব্যক্তিরই হতে পারে।
এরপরই সূত্র ধরে মৃত সন্তোষের বন্ধু সুভাষ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। গোয়েন্দাদের দাবি, দীর্ঘ জেরা এবং পুলিশের সুনির্দিষ্ট প্রমাণের সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত বন্ধু সন্তোষকে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত সুভাষ। এরপরেই মঙ্গলবার বেলঘরিয়া থানার পুলিশ সুভাষ দাসকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে এবং আদালতের কাছে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে।
এদিকে, এই ঘটনার তদন্তে পুলিশকে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক দিক থেকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে ফরেনসিক দলও পাঠানো হয়েছিল। বন্ধুত্বের আড়ালে ঠিক কী কারণে এই ভয়ংকর খুন ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।