সরকারি আশ্বাসে ভরসা হারিয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ শুভ্রাংশু! নেপালে নিখোঁজ স্ত্রীর খোঁজে আকুল আবেদন মুকুল-পুত্রের

নেপালের ভয়াবহ হড়পা বানের গ্রাসে নিখোঁজ হওয়ার পর প্রায় তিন মাস অতিক্রান্ত। সরকারি স্তরে নানা আশ্বাসের পরেও স্ত্রীর কোনও নির্দিষ্ট খোঁজ না মেলায় এবার চরম উদ্বেগে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। প্রিয়তমা স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনিক আশ্বাসের পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়াকে প্রধান হাতিয়ার করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শর্মিষ্ঠার ছবি ও নিখোঁজ সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করে সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন শুভ্রাংশু।
ঘটনার সূত্রপাত গত ২১ অগস্ট। কলকাতার ‘চলো যাই’ নামক একটি পর্যটন সংস্থার মাধ্যমে ৩২ জনের একটি দল নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। তাঁদের মূল গন্তব্য ছিল কৈলাস ও মানস সরোবর। ওই পর্যটক দলের সঙ্গেই একাকী যাত্রা করেছিলেন শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। কিন্তু গত ২৬ অগস্ট নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে। আর সেই বিপর্যয়ের পরেই তাঁর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপর থেকেই তাঁর আর কোনও সন্ধান মেলেনি। স্ত্রীর হদিশ পেতে এর আগে শুভ্রাংশু একাধিকবার সরকারের উচ্চ মহলে যোগাযোগ করলেও এখনও পর্যন্ত কোনও সদর্থক বা নির্দিষ্ট তথ্য হাতে আসেনি পরিবারের।
সোশ্যাল মিডিয়ায় শুভ্রাংশু রায় যে নিখোঁজ বিজ্ঞপ্তিটি পোস্ট করেছেন, তাতে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে, মর্মান্তিক ওই বিপর্যয়ের দিন অর্থাৎ ২০২৬ সালের ২৬ অগস্ট সকাল পৌনে নটা নাগাদ শেষবারের মতো দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে। নেপাল সীমান্তের ওপারে চিন-তিব্বত অংশের গিরং পোর্ট এলাকায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল এবং তাঁর শেষ পরিচিত ঠিকানা ছিল ‘শুভম গেস্ট হাউস’।
এর আগেও শুভ্রাংশু সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর দৃঢ় বিশ্বাস স্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং সম্ভবত চিন-তিব্বত সীমান্তের অবরুদ্ধ বা দুর্গম কোনও এলাকায় আটকে পড়েছেন। কিন্তু এত দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও পরিবারের কাছে কোনও সুনির্দিষ্ট খবর না পৌঁছানোয় চরম মানসিক অবসাদে দিন কাটাচ্ছেন তাঁরা। শর্মিষ্ঠা দেবীর বিষয়ে বিন্দুমাত্র কোনও তথ্য পেলে সরাসরি 9051377068 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন শুভ্রাংশু রায়। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত মর্মাহত কণ্ঠে জানান, “নতুন করে বলার আর কিছু নেই।”