মৃগীর খিঁচুনিতে জ্ঞান হারালে তাৎক্ষণিক করণীয় কী? চিকিৎসকের এই পরামর্শ না জানলে বড় বিপদ!

এপিলেপটিক সিজার বা মৃগীর খিঁচুনি যার ফলে কেউ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলতে পারে, শরীরে খিঁচুনি শুরু হতে পারে বা পড়ে যেতে পারে—এমন দৃশ্য দেখাটা যে কারও জন্যই বেশ ভীতিজনক হতে পারে। তবে এই ধরনের জরুরি পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসার সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এটি আক্রান্ত ব্যক্তিকে যেকোনো সম্ভাব্য আঘাত থেকে রক্ষা করতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।

কেউ মৃগীরোগের খিঁচুনিতে আক্রান্ত হলে আপনার প্রথম কাজ হবে সম্পূর্ণ শান্ত থাকা এবং ওই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়া। যদি দেখেন কেউ খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়ে যেতে চলেছেন, তবে তাকে অবিলম্বে সাবধানে ধরে মেঝেতে নিরাপদে শুইয়ে দিন। এই সময়ে বিশেষভাবে খেয়াল রাখুন যেন তার আশেপাশে কোনও ধারালো বস্তু বা ভারী জিনিস না থাকে, যা থেকে বড় ধরনের আঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

এরপর রোগীর ঘাড়ের নীচে একটি নরম কাপড়, তোয়ালে বা বালিশ দিন। নিশ্চিত করুন যেন তার ঘাড় এবং গলার চারপাশের পোশাক বেশ ঢিলেঢালা থাকে, যাতে শ্বাস নিতে কোনো সমস্যা না হয়। সম্ভব হলে, রোগীকে এক পাশ ফিরে (Recovery Position) শুইয়ে দিতে সাহায্য করুন। খিঁচুনি ঠিক কতক্ষণ স্থায়ী হলো, তার সঠিক সময় খেয়াল রাখুন এবং রোগী পুরোপুরি জ্ঞান ফিরে না পাওয়া পর্যন্ত তাঁর পাশেই অবস্থান করুন।

সাধারণ মানুষের মধ্যে বহু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। মনে রাখবেন, খিঁচুনির সময় কারও পক্ষে নিজের জিহ্বা গিলে ফেলা শারীরিকভবেই অসম্ভব। তাই ভুলেও রোগীর মুখে আঙুল, চামচ, জল বা কোনো কাপড় ঢোকানোর চেষ্টা করবেন না। এতে রোগীর মারাত্মক ক্ষতি হতে পারে।

কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে অবহেলা না করে দ্রুত জরুরি চিকিৎসাসেবার সাহায্য নেওয়া অত্যন্ত আবশ্যক। যেমন— খিঁচুনি যদি ৫ মিনিটের বেশি সময় ধরে স্থায়ী হয়, জ্ঞান ফেরার আগেই যদি বারবার খিঁচুনি হতে থাকে, রোগীর যদি মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয়, শরীরে গুরুতর আঘাত লাগে অথবা যদি জীবনে প্রথমবারের মতো কারও এই ধরনের খিঁচুনি হয়, তবে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, একজন নিউরোসার্জন পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে খিঁচুনির সঠিক ধরণ নির্ণয় করতে পারেন। চিকিৎসার অংশ হিসাবে ব্রেন স্ক্যান, ইইজি (EEG) পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধের পরামর্শ দেওয়া হয়। তবে ওষুধ দিয়ে যদি খিঁচুনি নিয়ন্ত্রণ করা না যায় এবং মস্তিষ্কের ঠিক কোন জায়গা থেকে এই সমস্যা তৈরি হচ্ছে তা যদি সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়, তবে রোগীর জীবনের সুরক্ষায় অস্ত্রোপচার বা সার্জারি একটি অত্যন্ত কার্যকর ও জীবনদায়ী বিকল্প হতে পারে।