আধার কার্ড ছাড়াই মিলবে সরকারি পরিষেবা! দিল্লি সরকারের মেগা ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস দেশবাসীর

সরকারি শংসাপত্র তুলতে গিয়ে আধার কার্ড না থাকা বা ফিঙ্গারপ্রিন্ট না মেলার ঝঞ্ঝাট থেকে এবার মিলল বড় মুক্তি। দিল্লি সরকারের তথ্য ও প্রযুক্তি দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিফায়েড সিটিজেন ডেটা প্ল্যাটফর্মে (UCDP) আধার যাচাইকরণ এখন থেকে সম্পূর্ণ ঐচ্ছিক করা হয়েছে। অর্থাৎ, যাঁদের আধার কার্ড নেই বা যাঁরা আধার ব্যবহার করতে চান না, তাঁরা এবার থেকে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কিংবা কেন্দ্র ও রাজ্য সরকারের অনুমোদিত অন্য যে কোনো সচিত্র পরিচয়পত্র জমা দিয়েই সমস্ত সরকারি পরিষেবা নির্বিঘ্নে পেতে পারবেন।

দিল্লি সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে কোনো নাগরিককে শুধুমাত্র আধার যাচাইকরণের অভাবে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। পাশাপাশি, আধার যাচাইকরণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা, এর অর্থ এই নয় যে সারা দেশের সমস্ত কেন্দ্রীয় বা রাজ্যস্তরের সরকারি কাজের জন্য আধার কার্ডের প্রয়োজনীয়তা পুরোপুরি ফুরিয়ে গেছে। এই বিশেষ শিথিলতা মূলত নির্দিষ্ট প্ল্যাটফর্ম এবং প্রক্রিয়াগুলির জন্যই প্রযোজ্য।

দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিতেও আধার যাচাইকরণের ক্ষেত্রে বিকল্প নথির ব্যবহার চালুর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণস্বরূপ, তামিলনাড়ু ই-গভর্ন্যান্স এজেন্সির বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানেও আধার যাচাইকরণ ঐচ্ছিক করা হয়েছে এবং প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড বা ব্যাঙ্ক পাসবুকের মতো বিকল্প নথির গ্রহণযোগ্যতা রয়েছে। একইভাবে মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের কিছু নির্দিষ্ট সরকারি দফতর বা পরিষেবাতেও আধার বাধ্যতামূলক নয়।

আইন বিশেষজ্ঞদের মতে, ২০১৬ সালের আধার আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী কিছু নির্দিষ্ট ভর্তুকি ও প্রকল্পের ক্ষেত্রে আধার চাওয়া হতে পারে, তবে যাদের আধার নেই তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা আইনেও স্পষ্টভাবে বলা আছে। মোদ্দা কথা, আধার কার্ডকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা না হলেও, প্রযুক্তিগত বা ব্যক্তিগত কারণে কোনো নাগরিক যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক দিকটি নিশ্চিত করতেই এই নয়া পদক্ষেপ।