‘বড় স্বপ্ন দেখো, প্রতিকূলতাকে জয় করো’—কলকাতার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের দেড়শো বছর পূর্তিতে উপস্থিত বিশিষ্টজনেরা

কলকাতার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম প্র্যাট মেমোরিয়াল স্কুল গৌরবময় পথচলার দেড়শো বছর পূর্ণ করল। ১৮৭৬ সালে যে শিক্ষা প্রতিষ্ঠানের বীজ বপন হয়েছিল, সময়ের সরণি বেয়ে আজ তা মহীরুহে পরিণত হয়েছে। বিশ্বাস, আধুনিক শিক্ষা এবং সমৃদ্ধ ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হলো ল্যাটিন শব্দগুচ্ছ— ‘প্রো দেও এত একলেসিয়া’, যার বাংলা অর্থ ‘ঈশ্বর ও গির্জার জন্য’। এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে স্কুল প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো প্র্যাট মেমোরিয়ালের সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

উদ্বোধনী ভাষণে রাজ্যপাল আর এন রবি একজন প্রকৃত ও আদর্শ মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে বড় স্বপ্ন দেখতে হবে এবং কঠোর শৃঙ্খলাপরায়ণ হতে হবে। জীবনের প্রতিটি প্রতিকূলতাকে ভয় না পেয়ে সেটিকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি। রাজ্যপাল ছাড়াও এদিনের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায়, বিশিষ্ট কবি জয় গোস্বামী সহ সমাজের বহু স্বনামধন্য ব্যক্তিত্ব।

সার্ধ শতবর্ষের এই বিশেষ দিনটিকে ঘিরে স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মূল মঞ্চে পড়ুয়াদের মনোগ্রাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশনের পাশাপাশি আবৃত্তি উপস্থিত দর্শক ও অতিথিদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, প্রতিষ্ঠানের দেড়শো বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে পড়ুয়ারা একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করেছিল। সেখানে স্থান পেয়েছিল আধুনিক বিজ্ঞান ও রোবোটিক্সের নানা মডেল, হোম সায়েন্সের আকর্ষণীয় প্রজেক্ট এবং নজরকাড়া পুষ্প প্রদর্শনী। প্রদর্শনীর প্রতিটি সৃষ্টিতেই শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, উদ্ভাবনী শক্তি এবং কল্পনাশক্তির ছাপ ছিল স্পষ্ট। এদিনের অনুষ্ঠানে অভিভাবকদেরও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে উপস্থিত সকলে যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে ও ভালোভাবে উপভোগ করতে পারেন, সেজন্য স্কুল কর্তৃপক্ষের তরফে ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনেরও সুব্যবস্থা করা হয়েছিল।