চাকরি না পাওয়া পর্যন্ত ৫ বছর মিলবে আর্থিক সাহায্য! রাজ্যে আসছে নতুন ‘ভরসা’ স্কিম

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘PACE’ (Police Assistance in Career & Employment Enhancement) অনুষ্ঠানে যুবসমাজ ও ছাত্রছাত্রীদের জন্য একগুচ্ছ যুগান্তকারী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির প্রস্তুতি থেকে শুরু করে উচ্চশিক্ষা এবং পুলিশ বাহিনীতে বড়সড় নিয়োগের খবরে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

সরকারি চাকরির ফর্ম ফিলআপ হবে সম্পূর্ণ ফ্রি:

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পরীক্ষার ফর্ম ফিলআপের চড়া খরচ। বিশেষ করে যাঁরা একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন, তাঁদের জন্য এই খরচ জোগাড় করা বেশ কঠিন। এই সমস্যা দূর করতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত ফি বা মাশুল তুলে দেওয়া হবে। খুব শীঘ্রই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে।

আসছে ‘ভরসা’ স্কিম ও ছাত্রীদের জন্য আর্থিক সাহায্য:

চাকরিপ্রার্থীদের সহায়তার জন্য সরকার নিয়ে আসছে নতুন প্রকল্প। গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট—এই দুই ভাগে ভাগ করে ‘ভরসা’ স্কিম চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে চাকরিপ্রার্থীরা চাকরি না পাওয়া পর্যন্ত টানা ৫ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা বা সাপোর্ট পাবেন। খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হবে।

পাশাপাশি, নারীদের উচ্চশিক্ষাকে উৎসাহিত করতে আগামী জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে ‘ভগিনী নিবেদিতা স্কিম’। এই প্রকল্পের আওতায় উচ্চ মাধ্যমিকের পর যাঁরা পড়াশোনা চালিয়ে যেতে চান, সেই ছাত্রীদের ৩ বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

পুলিশে বাম্পার নিয়োগের ঘোষণা:

রাজ্যের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে পুলিশ বিভাগে বড় নিয়োগের ঘোষণা করা হয়েছে। আগামী মাসেই রাজ্য পুলিশে ১,৩৩১ জন সাব-ইন্সপেক্টর (SI) পদে নিয়োগ করা হবে। পাশাপাশি, আগামী জানুয়ারি মাসে কলকাতা পুলিশে ৪,০০০ কনস্টেবল নিয়োগ করা হবে। শুধু তাই নয়, চলতি মাসেই পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কড়া বার্তা:

অনুষ্ঠানে শুধু কর্মসংস্থান নয়, সমাজ সংস্কারের বিষয়েও কঠোর মনোভাব স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। মাদক বা ড্রাগসের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সেইসঙ্গে সমস্ত মেলা কমিটিকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, মেলার নামে কোথাও কোনো জুয়ার বোর্ড বা সাট্টার আড্ডা বসানো বরদাস্ত করা হবে না, প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।

সবমিলিয়ে, জেলা পুলিশের এই ‘PACE’ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণা রাজ্যের বেকার যুবক-যুবতী এবং ছাত্রছাত্রীদের মনে নতুন আশার আলো জ্বেলেছে।