“গেরুয়া শাড়ি ও পদ্মফুল নিষিদ্ধ!”-মিশনারি স্কুলগুলিকে কড়া হুঁশিয়ারি দিলেন শমীক

বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের এক মন্তব্যে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে রাজ্যে। খ্রিস্টান মিশনারি স্কুলগুলিকে সরাসরি কড়া বার্তা দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, স্কুল চত্বরে ধর্ম বা রঙের ভিত্তিতে কোনো বৈষম্য কিংবা দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সোমবার এক বিশেষ অনুষ্ঠানে ধর্মান্তরণ ইস্যুর পাশাপাশি কলকাতার একটি অভিজাত স্কুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হন তিনি। যদিও ওই নির্দিষ্ট স্কুলের নাম প্রকাশ করেননি শমীক।

গেরুয়া শাড়ি ও পদ্মফুল নিয়ে নিষেধাজ্ঞা?

শমীক ভট্টাচার্যের দাবি, কলকাতার একটি অভিজাত স্কুলে বিজেপির এক মহিলা কর্মী শিক্ষকতা করেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে গেরুয়া শাড়ি পরে দেখা যাওয়ায়, স্কুল কর্তৃপক্ষ নাকি তাঁকে ওই পোশাকে পড়াতে আসতে নিষেধ করেছে। এখানেই শেষ নয়, ছাত্রছাত্রীদের সামনে পদ্মফুলের নাম উচ্চারণ করতেও বারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শমীকের কথায়, দলের ওই শিক্ষিকাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি গেরুয়া শাড়ি পরে ক্লাসে না যান।

ধর্মান্তরণ ও চরম হুঁশিয়ারি:

আসানসোল ও বর্ধমানের মতো এলাকায় ধর্মান্তরণের ঘটনা ঘটছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সভাপতি। খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে তাঁর কড়া বার্তা, তাঁরা নিজেদের ধর্মীয় আচার পালন করতেই পারেন, তবে এটি যে বামফ্রন্টের সরকার নয়, তা যেন তাঁরা মনে রাখেন। এরপরই চরম হুঁশিয়ারি দিয়ে শমীক জানান, পশ্চিমবঙ্গের কোনো খ্রিস্টান মিশনারি স্কুলে যদি দেশবিরোধী কাজ হয়, তবে সেই স্কুল চলতে দেওয়া হবে না। এমনকি একটি স্কুলের কোনো এক আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা রাখা রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

পাল্টা উদ্বেগ প্রকাশ বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিলের:

শমীকের এই মন্তব্যের পরেই নড়েচড়ে বসেছে খ্রিস্টান সম্প্রদায়। কলকাতায় জরুরি সাংবাদিক বৈঠক করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল। কাউন্সিলের সভাপতি পরিতোষ ক্যানিংয়ের অভিযোগ, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আসন্ন বড়দিনের আগে এই সামগ্রিক নিরাপত্তাহীনতার মাঝে তাঁরা যথেষ্ট শঙ্কিত। পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করার কথাও জানিয়েছে কাউন্সিল। সবমিলিয়ে এই ইস্যুতে তরজা তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে।