বারবার লিপ বাম লাগালেই কি ঠোঁট আরও শুকিয়ে যায়? জেনে নিন কী বলছেন চিকিৎসকরা!

শীত হোক বা গ্রীষ্ম—ঠোঁটের শুষ্কতা দূর করতে অনেকেই পকেটে বা ব্যাগে লিপ বাম রাখেন। একটু পর পরই ঠোঁটে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ছোঁয়ানো যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই অভ্যাসটি কি সত্যিই ঠোঁটের উপকারে আসছে, নাকি উল্টে ক্ষতি করছে? চিকিৎসকদের মতে, বারবার লিপ বাম ব্যবহার করলে ঠোঁট সাময়িকভাবে নরম মনে হলেও দীর্ঘ মেয়াদে তা ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে তুলতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশের মতে, অনেক প্রচলিত লিপ বামে মেন্থল, কর্পূর, ফেনল বা বিভিন্ন কৃত্রিম সুগন্ধি ও রাসায়নিক উপাদান থাকে। এই উপাদানগুলি ঠোঁটের সংবেদনশীল ত্বককে সাময়িক সতেজতা দিলেও আদতে তা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। ফলস্বরূপ, লিপ বামের প্রলেপ উঠে যাওয়ার পর ঠোঁট আগের চেয়েও বেশি রুক্ষ ও ফেটে যেতে শুরু করে। একে ডার্মাটোলজির ভাষায় অনেক সময় ‘লিপ বাম ডিপেন্ডেন্সি’ বা চক্রব্যূহ বলা হয়।
এছাড়াও, কিছু লিপ বাম ঠোঁটের ওপর এমন একটি সিলিকন বা ওয়াক্সের আস্তরণ তৈরি করে, যার ফলে ত্বক নিজের মতো করে আর্দ্রতা ধরে রাখতে পারে না। ব্যবহারকারী তখন আরও বেশি করে লিপ বাম ব্যবহার করতে বাধ্য হন। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, পেট্রোলিয়াম জেলি বা প্রাকৃতিক উপাদান যেমন শিয়া বাটার, ভিটামিন ই বা কোকোনাট অয়েলযুক্ত লিপ বাম বেছে নেওয়া উচিত এবং দিনে বারবার ব্যবহার না করে নির্দিষ্ট সময়ে হাইড্রেটেড থাকার জন্য পর্যাপ্ত জল পান করা জরুরি।