মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটির তোলাবাজি! দলীয় নেতার গ্রেফতারিতে হুলস্থূল রাজ্য রাজনীতিতে

ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই চাকরি এবং বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এবং তাঁর নাম ভাঙিয়ে প্রায় ছয় কোটি টাকা তোলার গুরুতর অভিযোগ উঠেছে নন্দকুমারের চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা তথা বিজেপির নন্দকুমার-১ মণ্ডলের সহ-সভাপতি অভিজিৎ করণের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি, যখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন জেলার একাধিক ব্যক্তি চাকরি ও কাজের বরাত পাওয়ার আশায় টাকা দিয়েও প্রতারিত হন। ভুক্তভোগীরা জেলা বিজেপি নেতাদের মাধ্যমে সরাসরি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গোচরে আনেন। অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। শীর্ষ নেতৃত্বের সেই নির্দেশ পাওয়ার পরই ১১ নভেম্বর নন্দকুমার থানায় একটি সুনির্দিষ্ট এফআইআর দায়ের করেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য তথা তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রিপুঞ্জয় প্রামাণিক।

অভিযোগকারী রিপুঞ্জয়বাবু দাবি করেন, তাঁকে বিধানসভায় প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে অভিজিৎ বিভিন্ন সময়ে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করানোর ফাঁদ পাতা হয়েছিল। কলকাতার একটি হোটেলে সেই টাকা লেনদেন হলেও তা আর ফেরত পাওয়া যায়নি। তাঁর পাশাপাশি আরও এক নেতার কাছ থেকেও একইভাবে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিতের বিরুদ্ধে এর আগেও এ ধরনের নানা দুর্নীতির অভিযোগ ছিল। তবে রাজ্যে পালাবদলের পর চাকরি ও ঠিকাদারির বরাত পাইয়ে দেওয়ার নাম করে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় ছ’কোটি টাকা তোলার মূল চক্রী হিসেবে তাঁর নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে নন্দকুমারে কনভয় থামালে পুলিশের কাছে পুরো ঘটনার আপডেট নেন। ততক্ষণে পুলিশ বিকেল সাড়ে তিনটে নাগাদ অভিযুক্ত অভিজিৎ করণকে গ্রেফতার করে ফেলেছিল। রবিবার ধৃতকে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, আদালত চত্বর থেকে বেরোনোর সময় সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিজিৎ দাবি করেন যে তাঁকে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের জেরে বিনা কারণে ফাঁসানো হয়েছে। পুলিশ বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে গোটা চক্রের মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।