অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই ভয়াবহ হামলা! বীরভূমের এনকাউন্টারের নেপথ্যে চাঞ্চল্যকর মোড়

বীরভূমের নানুরে পুলিশের গুলিতে নিহত হলো কনস্টেবলকে গুলি করার মূল অভিযুক্ত রতন শেখ। রবিবারের এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এনকাউন্টার নিয়ে নতুন করে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়ার সময় রতন আচমকা লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থেই পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।
সোমবার সকালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ জানান, মৃত রতন শেখের বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি ও ডাকাতির উদ্দেশ্যে জমায়েত সহ মোট ৩৬টি গুরুতর মামলা ঝুলছিল। অতীতে একাধিক অপরাধের অভিযোগে সে জেলেও গিয়েছিল। গত ১৩ নভেম্বর বোলপুরের লায়েকবাজার এলাকায় তল্লাশির সময় রতন শেখের গুলিতে জখম হয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। এরপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত।
অবশেষে রবিবার বর্ধমান থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, জেরায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য তাকে নানুরের উচকরণ পঞ্চায়েত এলাকার একটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্র খোঁজার নাম করে হঠাৎই পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালায় রতন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনার সুপ্রিম কোর্ট ও মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে ম্যাজিস্ট্রেট স্তরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।