মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ! একসঙ্গে ৩টি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন, কাঁপছে ইরান

পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি আরও বহুগুণ বাড়িয়ে তুলল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে মার্কিন নৌবাহিনীর তৃতীয় শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ (USS Theodore Roosevelt)। এর ফলে ওই অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে একসঙ্গে তিনটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে, যা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) দায়িত্বাধীন এলাকায় রবিবার প্রবেশ করে এই যুদ্ধজাহাজটি। এর আগে থেকেই ওই অঞ্চলে মোতায়েন ছিল ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। থিওডোর রুজভেল্টের আগমনের ফলে মার্কিন নৌবাহিনীর তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় ত্রিমুখী আধিপত্য বিস্তার করেছে।
প্রতিরক্ষা রিপোর্ট অনুযায়ী, এই তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে পশ্চিম এশিয়ায় বর্তমানে ২০ হাজারের বেশি মার্কিন নাবিক ও মেরিন সেনা মোতায়েন রয়েছে। এ ছাড়া আকাশপথে আধিপত্য বজায় রাখতে প্রস্তুত রয়েছে শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছিল, যা ২০০৩ সালের পর ছিল একেবারে নজিরবিহীন ঘটনা।গত ৮ নভেম্বর সিঙ্গাপুর বন্দর ছেড়ে মালাক্কা প্রণালী হয়ে পশ্চিম এশিয়ার দিকে রওনা দেয় ইউএসএস থিওডোর রুজভেল্ট। এই স্ট্রাইক গ্রুপের বহরে রয়েছে ক্যারিয়ার এয়ার উইং ১১, গাইডেড মিসাইল ক্রুজার ‘ইউএসএস চসিন’ এবং দুটি ডেস্ট্রয়ার ‘ইউএসএস পল হ্যামিল্টন’ ও ‘ইউএসএস ডেক্যাটার’। এই বিশাল সামরিক বহরে ৫ হাজারেরও বেশি সক্রিয় সামরিককর্মী যুক্ত রয়েছেন।আমেরিকার এই অভাবনীয় শক্তি বৃদ্ধি এমন এক সময়ে ঘটছে যখন তেহরান ও ওয়াশিংটনের সংঘাত চরমে। ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে, বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর আগে মার্কিন আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমেও তেহরান হামলার দাবি তুলেছিল। যদিও রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জোরালোভাবে অস্বীকার করেছে মার্কিন সেনা। তাদের স্পষ্ট বক্তব্য, বাহরিনের দিকে ধেয়ে আসা ইরানের দুটি ড্রোন সাফল্যের সঙ্গে প্রতিহত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। সম্প্রতি ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের সঙ্গে নতুন করে কোনো সমঝোতার প্রয়োজন তিনি দেখছেন না। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও চলমান আলোচনা থেকে সরে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, তৃতীয় বিমানবাহী রণতরী পৌঁছানোর অর্থ এই নয় যে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো বড় সামরিক অভিযানের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে; বরং এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সুদৃঢ় সামরিক উপস্থিতি ও কঠোর বার্তারই স্পষ্ট ইঙ্গিত।