বড়পর্দায় আসছে সাধক বামাক্ষ্যাপার অবিশ্বাস্য জীবনকাহিনি! প্রথম প্রদর্শনের কেন এই বিশেষ জায়গাকে বাছলেন নির্মাতারা?

বাংলা সিনেমার জগতে এক অভিনব ও ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে নতুন ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। সাধক বামাক্ষ্যাপার বর্ণময় জীবনকাহিনি নিয়ে তৈরি এই ছবির প্রথম প্রদর্শনের জন্য কলকাতার বদলে এবার বেছে নেওয়া হয়েছে বীরভূমের মাটিকেই। বাংলা সিনেমার ইতিহাসে প্রায় ২৫ বছর পর এমন একটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে বলে জানা গিয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

বামাক্ষ্যাপার জীবনের সঙ্গে বীরভূম জেলার যোগ অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক। তারাপীঠের পবিত্র মাটি, মা তারার মন্দির এবং বামদেবের সাধনা—সবমিলিয়ে এই অঞ্চলের সঙ্গেই ওপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের প্রতিটি অধ্যায়। তাই কলকাতার ঝাঁ চকচকে মাল্টিপ্লেক্সের পরিবর্তে যে মাটির সঙ্গে বামাক্ষ্যাপার আত্মা জুড়ে রয়েছে, সেই বীরভূমিতেই ছবির প্রথম স্ক্রিনিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এই সাহসী সিদ্ধান্ত বাংলা ছবির প্রচার ও মুক্তির গতানুগতিক ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছে।

ছবির মূল আকর্ষণ নিঃসন্দেহে অভিনেতা সব্যসাচী চৌধুরী, যিনি পর্দায় ফুটিয়ে তুলবেন সাধক বামাক্ষ্যাপার চরিত্র। এর আগে ছোটপর্দায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার বড়পর্দায় এই ঐতিহাসিক চরিত্রকে আরও এক অনন্য মাত্রায় পৌঁছে দিতে চলেছেন তিনি। শুধু অভিনয়ই নয়, ছবির চিত্রনাট্য ও সৃজনশীল পরিচালনার গুরুদায়িত্বও সফলভাবে সামলেছেন সব্যসাচী। সায়ন্তন ঘোষালের পরিচালনায় তৈরি এই ছবিতে মা তারার দিব্য রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায় এবং মোনালিসা চট্টোপাধ্যায়ের মতো গুণী শিল্পীরা।

উল্লেখ্য, প্রথমে ৫ নভেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে ২০ নভেম্বর ধার্য করা হয়। তবে মুক্তির ঠিক আগেই বীরভূমে প্রিমিয়ার আয়োজনের এই সিদ্ধান্ত ছবির প্রতি দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কলকাতার বাইরে গিয়ে বীরভূমের মাটিতে এই বিশেষ প্রদর্শনী কতটা সাড়া ফেলে এবং বক্স অফিসে কেমন জাদু দেখায়, এখন সেটাই দেখার বিষয়।