ফের উত্তপ্ত বাংলাদেশ! গোপালগঞ্জে হাসিনাকে ফেরানোর দাবিতে আওয়ামী লীগের তণ্ডব, ‘স্বাধীন’ ঘোষণা!

শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ে উত্তাল হয়ে উঠেছিল ওপার বাংলা। এবার ঠিক একই রকম আশঙ্কার ছবি সামনে আসছে। তাঁর দেশে ফেরার গুঞ্জনের মাঝেই ফের রণক্ষেত্র হয়ে উঠল বাংলাদেশ। রবিবার সারাদিন ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক বিক্ষোভ ও তাণ্ডব দেখা গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গোপালগঞ্জকে ‘স্বাধীন’ ঘোষণা করে হাসিনার দল। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ায় তা সামাল দিতে আসরে নামতে হয়েছে বিজিবি (BGB)-কে। একই সঙ্গে নড়েচড়ে বসে প্রশাসন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তৎক্ষণাৎ সরিয়ে দিয়েছে।

‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, মূলত তারই প্রস্তুতির অংশ হিসেবে রবিবার গোপালগঞ্জ শহরে বিশাল জমায়েত করেন দলটির কর্মী-সমর্থকরা। রবিবার সকালেই শহরের বন্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে ফেলা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসিনার সমর্থনে হাজার হাজার মানুষের ভিড় জমতে শুরু করে। আর এই জমায়েত থেকেই চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ উঠেছে, এদিন ক্ষুব্ধ কর্মীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন এবং গাড়ির গায়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন। এমনকি লঞ্চঘাট এলাকায় তৈরি জুলাই স্মৃতিস্তম্ভেও আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের হাতে ধারাল অস্ত্র ও লাঠি ছিল বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপরে প্রেস ক্লাব চত্বরে একের পর এক ককটেল বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজের নাম ফলক মুছে ফেলে তার জায়গায় ‘বঙ্গবন্ধু কলেজ’-এর ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’-এর ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন যে, শান্তি বজায় রাখতে শহরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দিনভর চলা এই ব্যাপক সহিংসতার পর বিকেলে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। গোপালগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মহম্মদ হাবীবুল্লাহকে সরিয়ে দেওয়া হয়েছে। হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে গোপালঞ্জের নতুন ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে এবং হাবীবুল্লাহকে ফেনির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।