পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা এনকাউন্টার! নানুর কাণ্ডে সত্যি উদ্ঘাটনে এবার মাঠে নামছে সিআইডি

বীরভূমের নানুরে পুলিশের গুলিতে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যুর ঘটনায় এবার বড় মোড়। রাজ্য জুড়ে এই এনকাউন্টার নিয়ে তীব্র বিতর্ক ও রাজনৈতিক শোরগোলের মাঝেই মামলার তদন্তভার নিতে চলেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। সূত্রের খবর, সরকারি গাইডলাইন অনুযায়ী এই ধরনের পুলিশি এনকাউন্টারের নিরপেক্ষ তদন্তের জন্য নির্দিষ্ট এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়ম মেনেই আজই সিআইডি-র একটি বিশেষ তদন্তকারী দল নানুরের ঘটনাস্থলে পৌঁছাতে পারে। গোয়েন্দারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পাশাপাশি ঠিক কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল এবং অভিযানে থাকা অফিসারদের ভূমিকা কী ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন।
অন্যদিকে, এনকাউন্টার নিয়ে ওঠা একাধিক প্রশ্নের জবাবে আজ এক সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। তিনি স্পষ্ট জানান, নিহত রতন শেখ কোনো সাধারণ অপরাধী ছিল না; তার বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি ও ডাকাতি-সহ অন্তত ৩৬টি গুরুতর মামলা রয়েছে এবং সে একাধিকবার জেলও খেটেছে। পুলিশ সুপারের দাবি অনুযায়ী, গত ১৩ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ লাইক বাজার এলাকায় তল্লাশি চালায়। সেখানে রতন শেখ ও রমেশ লোহার নামে দুই দাগি অপরাধীকে ধরতে গেলে রতন কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম কনস্টেবল বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর অভিযুক্ত রতনকে গ্রেফতার করে পুলিশ। জেরায় সে জানায়, হামলার পর সে কোথায় লুকিয়ে ছিল এবং আগ্নেয়াস্ত্র কোথায় রেখেছে তা দেখিয়ে দেবে। সেই মতো অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাকে নানুরের একটি ইটভাটায় নিয়ে যায়। পুলিশের দাবি, সেখানে তল্লাশি চলাকালীন রতন হঠাৎ বসে পড়ে এবং একটি ঝোপের আড়াল থেকে লুকানো আগ্নেয়াস্ত্র বের করে পুলিশ দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা পুলিশের দাঁড় করানো একটি গাড়িতে লাগে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন শেখের মৃত্যু হয়। এখন সিআইডি-র তদন্তে এই ঘটনার সমস্ত সত্যতা সামনে আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।