বীরভূম এনকাউন্টার নিয়ে বিস্ফোরক তথ্য! ঠিক কী কারণে গুলি চালাতে বাধ্য হল পুলিশ?

বীরভূমে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের এনকাউন্টারের ঘটনায় ২৪ ঘণ্টা পর মুখ খুলল জেলা পুলিশ। সোমবার এক সাংবাদিক বৈঠকে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ ঘটনার পুরো বিবরণ দিয়ে জানান, ঠিক কোন পরিস্থিতিতে পুলিশকে আত্মরক্ষার্থে চরম পদক্ষেপ করতে হয়েছিল। নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাটায় অস্ত্র লুকোনোর জায়গা দেখাতে নিয়ে যাওয়া হলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। সেই গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। এরপরই আত্মরক্ষার তাগিদে পাল্টা গুলি চালায় পুলিশ, যাতে মৃত্যু হয় রতনের।
পুলিশ সুপার জানান, মৃত রতন শেখের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইন সহ ১৭-১৮টি গুরুতর মামলা ঝুলছিল। সে বহুবার জেল খেটেছিল এবং পুলিশের খাতায় সে একজন দাগী অপরাধী ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ধরতে একাধিক দল গঠন করা হয়েছিল। তবে এই এনকাউন্টারের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। নানুরের এই ঘটনা সহ রাজ্যে পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার।
পুলিশের কার্যপদ্ধতি নিয়ে মূলত পাঁচটি বড় প্রশ্ন উঠেছে। প্রথমত, অস্ত্র উদ্ধারের মতো সংবেদনশীল কাজের জন্য রাতের অন্ধকার বা অদ্ভুত সময় কেন বেছে নেওয়া হলো? দ্বিতীয়ত, নিয়ম অনুযায়ী পুলিশ নিজেই অস্ত্র উদ্ধার করবে, সেখানে কেন রতনকে নিজে অস্ত্র খুঁজে বের করতে বলা হলো? তৃতীয়ত, এত বড় একজন দাগী অপরাধীকে কেন হাতকড়া পরানো হলো না? চতুর্থত, এই ধরনের অভিযানে ভিডিওগ্রাফির নিয়ম থাকলেও এক্ষেত্রে তা করা হয়েছিল কিনা, সে বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু জানায়নি। পঞ্চমত্ব, রবিবারই সাংবাদিক বৈঠক হওয়ার কথা থাকলেও তা কেন একদিন পর অনুষ্ঠিত হলো।
এদিকে রতনের এনকাউন্টার নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁদের মতে, পুলিশ চাইলে তাকে হাত-পা ভেঙে জেলে আটকে রাখতে পারত, কিন্তু এভাবে তার মৃত্যু কাম্য ছিল না। সবমিলিয়ে, বীরভূমের এই পুলিশি পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা এখন তুঙ্গে।