‘বৌদি-ভাবি কালচার খতম করতে হবে!’ হরিহরপাড়ায় প্রকাশ্য সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার!

মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর মহকুমার হরিহরপাড়ায় আয়োজিত এক দলীয় সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রকাশ্য মঞ্চ থেকে সমাজ সংস্কারের নামে এক আজব এবং বিতর্কিত নিদান দিলেন বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। তাঁর মন্তব্য, সমাজে চলা ‘বৌদি বা ভাবি কালচার’ এবং বন্ধুপ্রীতি থেকেই মূলত নানান অনৈতিক ঘটনার জন্ম হয়। এই বক্তব্য সামনে আসতেই তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
হরিহরপাড়ায় বিজেপির সাংগঠনিক সভা চলাকালীন দলীয় কর্মীদের উদ্দেশে বিষ্ণুচরণবাবু বলেন, “পরিবার বা আত্মীয়তার বাইরে অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা সম্পূর্ণ বন্ধ করতে হবে। বয়স বেশি হলে দিদি বলুন, আর ছোট হলে বোন বা নিজের নামে ডাকুন। এই বৌদি এবং ভাবির কালচার খতম করতে হবে।” এখানেই থেমে থাকেননি তিনি। সমাজের বিভিন্ন অসংগতি দূর করার অজুহাতে তিনি তরুণ প্রজন্মকে এক অদ্ভুত পরামর্শ দিয়ে বলেন, কোনো অবস্থাতেই বন্ধুদের বাড়িতে নিয়ে আসা যাবে না। তাঁর মতে, ধীরে ধীরে এই ‘বন্ধু কালচার’-ও বন্ধ করতে হবে, তবেই সমাজের হাজারো উৎপাত ও খারাপ জিনিস দূর করা সম্ভব। বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।