AB+ এর জায়গায় A+, আর A+ এর জায়গায় AB+! জলপাইগুড়ি হাসপাতালে মারাত্মক রক্ত বিভ্রাট

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগীর বরাদ্দ রক্ত অন্য রোগীকে দেওয়ার মারাত্মক অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। চিকিৎসাধীন দুই রোগীর রক্ত অদলবদল হয়ে যাওয়ায় তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে, যা নিয়ে রোগীর পরিবারগুলির মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনার ঝড় উঠেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, জলপাইগুড়ির রানিনগর মোড় এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সি বুনিল রায় রক্তাল্পতার সমস্যায় ভুগতেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ১ ইউনিট রক্ত দেওয়ার পর দ্বিতীয় ইউনিট চলাকালীন তাঁর শরীরে তীব্র অস্বস্তি শুরু হয়। পরিবারের লোকজন খেয়াল করে দেখেন, তাঁকে যে রক্তের প্যাকেটটি দেওয়া হয়েছে, তার গ্রুপ AB+ অথচ তাঁর প্রয়োজন ছিল A+ রক্তের। রোগীর ভাই উপেন চন্দ্র শর্মা ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা নিয়মানুযায়ী AB+ পজিটিভ ডোনার নিয়ে এলেও হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতিতে রোগীকে ভুল রক্ত দেওয়া হয়।

অন্যদিকে, একই দিনে জলপাইগুড়ির কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা ৬১ বছর বয়সি বীরেন্দ্র নাথ শর্মা তীব্র শ্বাসকষ্ট ও অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর রক্তের গ্রুপ ছিল AB+। পরিবার রক্ত জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করলেও, শরীরে কিছুটা রক্ত যাওয়ার পরেই রোগী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পান, তাঁকে ভুলবশত A+ গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে নার্সদের জানালে রোগীকে দ্রুত সিসিইউ (CCU)-তে স্থানান্তরিত করা হয়। এই জোড়া গাফিলতির ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের পরিবারগুলির মধ্যেও চরম আতঙ্ক ও অসন্তোষ তৈরি হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট ভাষায় জানান, “এই গুরুতর অভিযোগের সম্পূর্ণ ও উপযুক্ত তদন্ত করা হবে। হাসপাতালের যে সমস্ত কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে এই চাঞ্চল্যকর ঘটনার পর এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো সাফাই বা বিবৃতি দেওয়া হয়নি, যা নিয়ে ক্ষোভের মাত্রা আরও বেড়েছে।