ইজরায়েলে ভোটের আগে বিস্ফোরক কাণ্ড! বিরোধীদের দমাতে গোয়েন্দা এজেন্সি ব্যবহারের অভিযোগ, কাঠগড়ায় নেতানিয়াহুর দফতর

ইজরায়েলের রাজনীতিতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এক বিস্ফোরক তদন্তমূলক প্রতিবেদনকে কেন্দ্র করে। ‘চ্যানেল ১২ নিউজ’-এর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনের ঠিক আগের দিন বিরোধী দল ইউনাইটেড আরব লিস্ট-এর কর্মীদের বিরুদ্ধে ভুয়ো গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের এক প্রাক্তন কর্মী। ওই তথ্যের ভিত্তিতেই দক্ষিণ ইজরায়েলে তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, যা পরবর্তীকালে সম্পূর্ণ অসত্য বলে প্রমাণিত হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রীর দফতর এবং নিরাপত্তা সংস্থাগুলির ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

চ্যানেল ১২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের আগের সন্ধ্যায় নেতানিয়াহুর দফতরের চিফ অফ স্টাফ ইডো নর্ডেন পুলিশ কমিশনারের দফতরে যোগাযোগ করে দক্ষিণ ইজরায়েলে ওই কর্মীদের কার্যকলাপ নিয়ে অভিযোগ জানান। কথোপকথনের সময় নর্ডেন পুলিশ আধিকারিকদের এমন এক গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি প্রাক্তন ডিরেক্টর জেনারেল ইয়োসি শেলির ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রীর দফতরেরই একজন প্রাক্তন কর্মী। পুলিশের কম্পিউটার সিস্টেমে সেই তথ্য নথিভুক্ত করার পরই ধরপাকড় চালানো হয়। বর্তমানে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার দফতর এবং পুলিশ খতিয়ে দেখছে যে, ওই কর্মীদের ফাঁসাতে আগে থেকে ইচ্ছাকৃতভাবে তথ্য সাজানো হয়েছিল কি না।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট-এর প্রধান ডেভিড জিনি ভোটের দিন আরব নেসেট সদস্যদের (সাংসদ) গ্রেফতারের চেষ্টা করেছিলেন। পাশাপাশি পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুরোধও জানানো হয়েছিল, যদিও শেষ মুহূর্তে সেই অনুরোধ আটকে দেওয়া হয়।

এই তথ্য সামনে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী নেতারা। ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকোট এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের আচরণ ইজরায়েলি গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁর অভিযোগ, ‘কাতারগেট’ বিতর্কের পর এবার তল্লাশি বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আরব নাগরিকদের বিরুদ্ধে ভুয়ো তথ্য সাজিয়ে এবং পুলিশকে ব্যবহার করে নির্বাচনে কারচুপির চেষ্টা হয়েছে। তিনি এই ঘটনার অবিলম্বে তদন্তের দাবি জানিয়ে পুলিশ ও শিন বেট-কে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এবং একটি তদন্ত কমিশন গঠনেরও ঘোষণা করেছেন।

অন্যদিকে, ইজরায়েলি ডেমোক্র্যাটস-এর নেতা ইয়াইর গোলান এক্স-এ পোস্ট করে দাবি করেন, চ্যানেল ১২-এর এই প্রকাশ প্রমাণ করে যে নেতানিয়াহুর দফতর রাজনৈতিক স্বার্থে নিরাপত্তা সংস্থাগুলিকে ব্যবহার করেছে। বিরোধী দলনেতা ইয়াইর লাপিদও লিকুদ পার্টি এবং নেতানিয়াহুর দফতরকে নিশানা করে মন্তব্য করেছেন, এই ঘটনা প্রমাণ করে যে সত্যিই নির্বাচন প্রভাবিত করার পরিকল্পনা করা হয়েছিল। উল্লেখ্য, এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যে বিদেশি শক্তিগুলি আরব দলগুলির পক্ষে নির্বাচনে হস্তক্ষেপ করেছে, যদিও কাতার সেই অভিযোগ আগেই অস্বীকার করেছে।