গ্রিন করিডোরে কলকাতায় আনা হলো গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎকে, এসএসকেএমে সোমবার ফের অস্ত্রোপচার!

দুষ্কৃতী রতন শেখের গুলিতে গুরুতর আহত বীরভূমের কনস্টেবল বিশ্বজিৎ দাসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে তাঁর চিকিৎসা চলছে। রবিবার সকালেই বর্ধমান মেডিকেল কলেজ থেকে গ্রিন করিডোর তৈরি করে তাঁকে অত্যন্ত দ্রুততার সঙ্গে কলকাতায় নিয়ে আসা হয়।
কী ঘটেছিল সেদিন?
গত শুক্রবার সন্ধ্যায় বীরভূমের শান্তিনিকেতন থানার লায়েকবাজারে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে ধরতে অভিযানে গিয়েছিল পুলিশ। অভিযোগ ওঠে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় রতন শেখ। সেই গুলিতেই বাঁ পায়ে মারাত্মক জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।
ঘটনার পর দ্রুত তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্ধমান মেডিকেলেই চিকিৎসকরা তাঁর বাঁ পা থেকে অস্ত্রোপচার করে গুলি বের করেন। পরবর্তীতে এনকাউন্টারে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হয়।
এসএসকেএমে চলছে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা
রবিবার আহত পুলিশকর্মীকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি উডবার্ন ব্লকের ইউনিট থ্রি কেবিনে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসায় জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক সার্জারির বিশেষজ্ঞদের নিয়ে একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অর্থোপেডিক বিভাগের প্রধান নিলেশ দুগর-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার তাঁর বাঁ পায়ে আরও একটি অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।