উড়ানের পরেই বড়সড় বিপত্তি, পুনে বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের; অল্পের জন্য রক্ষা পেলেন ১৯২ জন!

রবিবার সকালে পুনে বিমানবন্দরে চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান। পাইলটের তৎপরতা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রু সদস্য-সহ মোট ১৯২ জন আরোহী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে ইন্ডিগোর ৬ই ০৬২৩ নম্বর বিমানটি পুনে থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু টেক অফ করার পরই পাইলট লক্ষ্য করেন যে বিমানটির ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢুকছে না এবং তা বাইরের দিকেই ঝুলে রয়েছে। বিপদ বুঝে মুহূর্তের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে পুরো বিষয়টি জানান পাইলট। খবর পাওয়ামাত্রই পুনে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং বায়ুসেনা, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সকে ‘হাই অ্যালার্ট’-এ রাখা হয়।
সুরক্ষা নিশ্চিত করতে চূড়ান্ত অবতরণের আগে বিমানটিকে রানওয়ের একদম কাছাকাছি নিচ দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, যাতে গ্রাউন্ড স্টাফরা নিচ থেকে ল্যান্ডিং গিয়ারের সঠিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। এরপর সকাল ৯টা ৪ মিনিটে অত্যন্ত সতর্কতার সঙ্গে পুনে বিমানবন্দরে বিমানটির নিরাপদ অবতরণ করানো হয়।
অবতরণের পরপরই ৩টি দমকলের ইঞ্জিন এবং ২টি অ্যাম্বুলেন্সের কড়া নিরাপত্তায় বিমানটিকে ৭ নম্বর বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় সকাল ৯টা ১০ মিনিটে বিমানবন্দরে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। পরবর্তীতে এরোব্রিজের মাধ্যমে সমস্ত যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বেঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।