বরানগরকাণ্ডে হাড়হিম করা মোড়! খুন করার পরও মৃতার ফোন থেকে ভাইকে কী মেসেজ পাঠাল প্রেমিক?

বরানগরে তরুণী অঞ্জলি সাউ হত্যাকাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পর অভিযুক্ত প্রেমিক ধরমবীর কুমারকে এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক ধৃত যুবককে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে নিহত তরুণীর মোবাইল ফোন, সোনার গয়না এবং একাধিক ব্যাঙ্ক কার্ড উদ্ধার করেছেন তদন্তকারীরা। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে এবার অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি উদ্ধার হওয়া মোবাইল ফোনটির ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

তদন্তকারীদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন— ঠিক কী কারণে এত নৃশংসভাবে খুন করা হলো অঞ্জলিকে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধরমবীরের সঙ্গে অঞ্জলির দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং দু’জনে নিয়মিত গ্রুপ করে ‘পাবজি’ (PUBG) গেম খেলতেন। সেই অনলাইন গেমের সূত্র ধরেই কি তাঁদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল, নাকি ব্যক্তিগত টানাপোড়েন থেকেই এই চরম পরিণতি— তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউসে উঠেছিলেন ধরমবীর। খুনের আগের দু’দিন সেখানে থেকে তিনি কী পরিকল্পনা করেছিলেন এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জেরা করে জানার চেষ্টা চলছে।

গত মঙ্গলবার রাতে বরানগরের একটি বন্ধ ফ্ল্যাট থেকে অঞ্জলির অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে স্পষ্ট, শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তাঁকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ অঞ্জলি তাঁর জামাইবাবুর ফ্ল্যাটে ঢোকেন এবং কিছুক্ষণ পর ধরমবীরকেও সেখানে প্রবেশ করতে দেখা যায়। বিকেল ৪টে নাগাদ অভিযুক্ত একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। এরপর বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার সবথেকে ভয়াবহ দিকটি সামনে এনেছে মৃতার পরিবার। তাঁদের দাবি, অঞ্জলির মৃত্যুর পরও তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বাড়ির লোকজনের কাছে ফোন ও মেসেজ আসছিল। মৃতার ভাই জানান, ফোনে ওপার থেকে রহস্যজনকভাবে বলা হয় যে যা জানার আছে তাড়াতাড়ি জেনে নিতে, নাহলে ফোন বন্ধ করে দেওয়া হবে। এমনকি হুমকির সুরে এও বলা হয়, “তোমার আশপাশেই থাকব, কিন্তু তুমি খুঁজে পাবে না।” জেরায় ধরমবীর নিজেই মৃতার ফোন থেকে এই মেসেজ ও কল করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ফোন থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে কি না, তা জানতে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।