হুড়মুড়িয়ে কমছে বিটকয়েনের দাম! নিমেষে ৬৬ হাজারের নিচে নামতেই ক্রিপ্টো বাজারে চরম আতঙ্ক

ক্রিপ্টো বাজারে ফের এক বড় ধস। বিটকয়েনের (BTC) লাগাতার বিক্রি বাড়ার জেরে আগামী দিনে ক্রিপ্টো বাজার বেশ কিছুদিন বেশ অস্থির থাকতে পারে বলে সতর্ক করেছেন বিটওয়াইজের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ম্যাট হোগান। গত শনিবার বিকেলে বিটকয়েনের দাম সোজা ৬৬,০০০ ডলারের নিচে নেমে যায়, যা গত আগস্ট মাসের পর থেকে সর্বনিম্ন। এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে হোগান বর্তমান পরিস্থিতিকে ২০১৮ সালের মাঝামাঝি সময়ের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, সে সময় ক্রিপ্টো শিল্পটি ক্লান্ত হয়ে পড়েছিল এবং বহু বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

তিনি আরও জানান, বাজার ফের স্থিতিশীল হওয়ার আগে এই শিল্পটিকে কিছুদিনের জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে হতে পারে। মার্কিন নির্বাচন, ক্রিপ্টো এক্সচেঞ্জ বিনান্সের প্রভাব এবং বৈশ্বিক কঠোর আর্থিক নীতিগুলির দীর্ঘমেয়াদী ফলাফল কী হতে পারে, তা নিয়ে এখনও বিচার-বিশ্লেষণ করছেন বিনিয়োগকারীরা। তবে এতকিছুর পরেও সামনে একটি বড় সুযোগ দেখছেন হোগান, যদিও সেই ঘুরে দাঁড়ানোর সঠিক সময় নির্দিষ্ট করা কঠিন। তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডিফাই বাজারকে ২০১৮ সালের মন্দা থেকে টেনে তুলেছিল। এবারও নতুন কোনো যুগান্তকারী প্রযুক্তি একই কাজ করবে বলে তাঁর বিশ্বাস।

এদিকে, অন-চেইন অ্যানালিটিক্স ফার্ম ক্রিপ্টোকোয়ান্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বড় বড় হোল্ডার বা ‘তিমিরা’ (Whales) দাম কমার সুযোগে কিছুটা কেনার চেষ্টা করলেও সাধারণ বিক্রেতাদের প্রবল চাপের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না। সাম্প্রতিক উচ্চতম স্তর থেকে বিটকয়েনের দাম প্রায় ২৪% কমে গিয়েছে। ১,০০০ থেকে ১০,০০০ বিটকয়েন রাখা ওয়ালেটগুলিতে নতুন করে প্রায় ৪৩,৭০০ বিটকয়েন যুক্ত হয়েছে। ১০, হাজারেরও বেশি কয়েন ধারকরা আরও ৩,৩০০ বিটকয়েন যোগ করেছেন। তবে মাঝারি মাপের হোল্ডাররা দেদার বিক্রি চালিয়ে যাচ্ছেন।

কোম্পানির তথ্য অনুযায়ী, আসল সংকট তৈরি হয়েছে চাহিদার ঘাটতিতে। এর ৩০ দিনের আপাত চাহিদা কমে -২৮৪,০০০ বিটকয়েনে ঠেকেছে। মার্কিন স্পট বিটকয়েন এক্সচেঞ্জ-traded ফান্ড (ETF)-গুলিও এখন নিট বিক্রেতায় পরিণত হয়েছে। ফলে শর্ট-টার্ম ট্রেডারদের লোকসানের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। এমতাবস্থায় বিটকয়েনের দাম আরও কমে ৫৯,৮০০ বা এমনকি ৫৭,৭০০০ ডলারে নেমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে অন্যদিকে, ওয়েলিংটন-অলটাসের জেমস ই. থর্ন আশাবাদী যে, বিটকয়েন ঘুরে দাঁড়িয়ে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ প্রায় ১১৭,০০০ ডলারে পৌঁছাতে পারে। শেষ পাওয়া খবরে বিটকয়েনের দাম কমে দাঁড়িয়েছে ৬৪,৩০০ ডলার, যা গত ২৪ ঘণ্টায় ৫ শতাংশের বেশি পতনের ইঙ্গিত দিচ্ছে।