তরুণ মুখে সাজবে টিম মোদী! ২০২৯-এর লোকসভা ভোটের আগে বড় চমকের প্রস্তুতি?

গত ছ’মাস ধরে চলা জল্পনা এবার সত্যি হতে চলেছে বলে রাজনৈতিক মহলের অন্দরে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তৃতীয় মোদী সরকারের দু’বছর পূর্তির ঠিক পরেই এই পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। অতীতের রীতি মেনেই প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, সরকারের বিরুদ্ধে জমে থাকা প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি-ইনকাম্বেন্সি কাটাতে এবং তরুণ প্রজন্মের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে মরিয়া বিজেপি নেতৃত্ব। তাই আসন্ন মন্ত্রিসভায় একাধিক নতুন ও তরুণ মুখের অন্তর্ভুক্তি ঘটতে পারে। বিশেষ করে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই নতুন টিম সাজাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার ঠিক আগেই অর্থাৎ চলতি মাসের শেষেই এই রদবদল সম্পন্ন হতে পারে বলে জল্পনা তুঙ্গে।
রাজনৈতিক সূত্রে আরও জানা যাচ্ছে, এই রদবদলে মন্ত্রিসভায় ৭ থেকে ৮ জন নতুন মুখ জায়গা পেতে পারেন। একই সঙ্গে বেশ কয়েকজন বর্তমান মন্ত্রীর ওপর ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে। সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকায় উঠে আসছে একাধিক হেভিওয়েট ও জনপ্রিয় নাম। এর মধ্যে পর্দার ‘রাম’ খ্যাত অভিনেতা-সাংসদ অরুণ গোভিল, তেজস্বী সূর্য, অনুরাগ ঠাকুর এবং বাঁশুরি স্বরাজের মতো তরুণ ও পরিচিত মুখগুলির নাম জোরেশোরে শোনা যাচ্ছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ থেকে সৌমিত্র খাঁ-কে মন্ত্রী করা হতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে। উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখে গোরক্ষপুরের সাংসদ রবি কিষান ও মনোজ তিওয়ারির নামও চর্চায় রয়েছে। সব মিলিয়ে ২৩ নভেম্বরের এই সম্ভাব্য রদবদল ভারতীয় রাজনীতিতে বড় রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।