বাংলা সিনেমার মুকুটে নতুন পালক! IFFI-এর মঞ্চে দেশের নজর কাড়ল সমর্পণ সেনগুপ্তর প্রথম ছবি

বাংলা চলচ্চিত্রের মুকুটে যুক্ত হলো আরও এক নতুন গৌরবময় অধ্যায়। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আসর তথা ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬-এ ‘বেস্ট ডেবিউ ডিরেক্টর’ বা নবাগত পরিচালক বিভাগে মনোনয়ন পেল পরিচালক সমর্পণ সেনগুপ্তর প্রথম ছবি ‘প্রত্যাবর্তন’। প্রথম ছবিতেই এমন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি গোটা টিমকে দারুণ উৎসাহ জুগিয়েছে।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায় এবং অঞ্জন দত্তের মতো পরিচিত মুখেরা। শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় এবং অভিজিৎ চট্টোপাধ্যায়ের নিবেদনে তৈরি হয়েছে এই সিনেমা। ছবির মূল ভাবনা আবর্তিত হয়েছে মানবিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, সহমর্মিতা এবং জীবনের প্রকৃত মূল্যবোধের কাছে ফিরে যাওয়ার গল্পকে কেন্দ্র করে।
ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানান, বৈদিক দর্শনের মূল সুরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই গল্প তৈরি করা হয়েছে। একজন নবাগত পরিচালকের দৃষ্টিভঙ্গি এবং জীবনের জটিলতাকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতার ওপর ভরসা রেখেই তিনি এই প্রজেক্টের পাশে দাঁড়িয়েছিলেন। আন্তর্জাতিক মঞ্চে এই মনোনয়ন সেই বিশ্বাসের মান রেখেছে। বাংলার মাটিতে শিকড় গেড়ে থাকা একটি গল্প যে আঞ্চলিক গণ্ডি পেরিয়ে সর্বজনীন আলোচনার বিষয় হতে পারে, এই সাফল্য তারই প্রমাণ।