বিকট শব্দে বিস্ফোরণ ও আগুনে ভস্মীভূত গাড়ি! প্রবাসের মাটিতে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল ফুজিরাহ”

প্রবাসের মাটিতে এক ভয়াবহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল সংযুক্ত আরব আমিরশাহী। ফুজাইরাহে শেখ খলিফা বিন জায়েদ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক। এই ভয়াবহ সংঘর্ষ এবং তার জেরে লাগা বিধ্বংসী আগুনে পুড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মধ্যরাতের ঠিক আগে ঘটা এই নৃশংস দুর্ঘটনায় পুরো প্রবাস মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভয়াবহ সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের বিবরণ
সংযুক্ত আরব আমিরশাহীর স্বরাষ্ট্র মন্ত্রক এবং ফুজাইরাহ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে ফুজাইরাহ প্রবেশের মূল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি নিয়ন্ত্রণহীন ট্রাক প্রথমে অন্য একটি চলন্ত গাড়িকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সেই গাড়িটি উল্টে গিয়ে ট্রাফিকের কারণে থমকে থাকা আরও বেশ কয়েকটি গাড়ির উপর আছড়ে পড়ে।
পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন সংঘর্ষের পরপরই ঘাতক ট্রাকটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের অন্যান্য গাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িগুলোর কারণে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ফুজাইরাহ পুলিশের বিশেষ দল, অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী কর্মী এবং সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং উদ্ধারকার্য চালান।
হতাহতদের পরিচয় ও বর্তমান পরিস্থিতি
ফুজাইরাহ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় মোট ১৪ জনের প্রাণ গিয়েছে। মৃতদের মধ্যে আমিশাহীর নাগরিকরাও রয়েছেন। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দেহগুলির পরিচয় সুনিশ্চিত করতে ডিএনএ (DNA) পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে।
আহত ৩০ জনের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাকি ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিশরের নাগরিকরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে ফুজাইরাহ পুলিশ। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “জীবন রক্ষা করা সবার দায়িত্ব”, এবং এই দুর্ঘটনার সঙ্গে জড়িত আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।