‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে, সব প্রমাণ এখানেই!’ মোদীকে সরাসরি ওপেন ডিবেটের চ্যালেঞ্জ রাহুলের

দেশের রাজনৈতিক অঙ্গনে ফের চরমে উঠেছে সংঘাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি তাঁর ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু নজরদারির দাবি করাই নয়, এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে খোলা মঞ্চে মুখোমুখি বিতর্কে বসার কড়া চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা।
ফোনেই রয়েছে নজরদারির প্রমাণ!
কংগ্রেসের প্রকাশিত একটি ভিডিয়ো এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে এবং এর সমস্ত প্রমাণ তাঁর ফোনেই মজুত রয়েছে। রাহুলের কথায়, “প্রধানমন্ত্রী খোলা মঞ্চে বিতর্কে অংশগ্রহণ করলেই দেশবাসীর সামনে সব পরিষ্কার হয়ে যাবে—কে বা কারা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছে এবং কারা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত।”
যেকোনো জায়গায় বিতর্কে প্রস্তুত রাহুল
প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে রাহুল আরও বলেন, দেশবিরোধী কে বা কারাই বা বিদেশি শক্তির হাতের পুতুল—তা নিয়ে যে কোনও জায়গায় এবং যে কোনও সময়ে সামনাসামনি বিতর্কে বসতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের সরাসরি বিতর্ক বা ‘ওপেন ডিবেট’-এর চ্যালেঞ্জ দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। যদিও শাসক শিবিরের তরফে এই সমস্ত অভিযোগকে গুরুত্ব না দিয়ে বারবার সংসদীয় মঞ্চকেই বিতর্কের উপযুক্ত স্থান বলে দাবি করা হয়েছে। তবে রাহুলের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।