সোনার গহনার লোভ! ৯ বছরের শিশুকে খুন করে খাটের নীচে লুকিয়ে রাখল ১৪ বছরের কিশোরী

সোনার গহনার লোভে এক নয় বছরের শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক চতুর্দশী কিশোরীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদা থানার বালি গ্রামে এই ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এবং স্থানীয় মানুষ চরম স্তম্ভিত হয়ে পড়েছেন। পুলিশ অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করে জুভেনাইল হোমে পাঠিয়েছে।

কী ঘটেছিল সেদিন?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম মল্লিকা খাতুন। বৃহস্পতিবার সকালে মল্লিকার বাবা ও মা তাকে বাড়িতে একা রেখে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেই সুযোগেই প্রতিবেশী ওই কিশোরী মল্লিকার বাড়িতে প্রবেশ করে। সম্পর্কে আত্মীয় হওয়ায় মল্লিকা তাকে সন্দেহ করেনি বা বাধা দেয়নি।

অভিযোগ, এই বিশ্বাসের সুযোগ নিয়েই ওই কিশোরী মল্লিকাকে শ্বাসরোধ করে খুন করে এবং তার দেহ ক্ষতবিক্ষত করে।

খাটের নীচ থেকে উদ্ধার দেহ

এদিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। কোথাও সন্ধান না পেয়ে অবশেষে নওদা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তল্লাশি শুরু করলে রাতে ওই প্রতিবেশী আত্মীয়ের বাড়ির খাটের নিচ থেকেই রক্তাক্ত অবস্থায় মল্লিকার দেহ উদ্ধার হয়। খুনের পর সেখানেই দেহটি লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ।

মাত্র চৌদ্দো বছরের এক কিশোরীর এমন অপরাধমূলক কর্মকাণ্ডে হতবাক এলাকার বাসিন্দারা। পুলিশ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।