ভাই-বোন দুজনেই পেশাদার চোর! টলিউডে আসছে এক্কেবারে অন্যধারার গল্প, বড় পর্দায় কোন ম্যাজিক দেখাতে চলেছেন খরাজ?

টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের দাপুটে অভিনয় জীবন পেরিয়ে এবার পরিচালনার দুনিয়ায় আনুষ্ঠানিক পা রাখলেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ফক্সকিন এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে তাঁর নতুন এবং অত্যন্ত প্রত্যাশিত সিনেমা ‘এক যে ছিল চোর’। ছবির কাস্টিংয়েও রয়েছে বড় চমক। খরাজ মুখোপাধ্যায়ের পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসূন গায়েন, সুপ্রিয় দত্ত, তপতী মুন্সি, আরিয়ান ভৌমিক, রাজু মজুমদার, দেবরঞ্জন নাগ, শ্রেয়া ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য্য, অমিত সাহা এবং সত্যম মজুমদারের মতো পরিচিত তারকাদের। প্রথমবার খরাজের পরিচালনায় এই সামাজিক ও অপরাধের পটভূমির গল্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

ছবির গল্প আবর্তিত হয়েছে দুই ভাই-বোনকে কেন্দ্র করে, যাদের পেশা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। ছবির মূল চরিত্র ‘সত্য’ পেশায় একজন চোর। ছোটবেলা থেকে মা-বাবার স্নেহ ও আদর না পেয়ে বড় হওয়া সত্যর এই পৃথিবীতে একমাত্র আপন বলতে রয়েছে তার বোন ‘লক্ষ্মী’। আশ্চর্যের বিষয় হলো, ভাই সত্যর মতো বোন লক্ষ্মীর পেশাও হলো চুরি! তাদের আস্ত গ্রাম সারান্দার প্রতিটি মানুষ জানে যে এই ভাই-বোনের পেশা ও নেশা চুরি করা। অবাক করা কান্ড হলো, এত কিছুর পরেও গ্রামের মানুষেরা তাদের প্রচণ্ড ভালোবাসে। গ্রামের বহু যুবকেরই ইচ্ছা লক্ষ্মীকে বিয়ে করার। কিন্তু লক্ষ্মীর মন মজেছে ‘চাঁদু’ নামের এক সহজ-সরল টোটোচালকের ওপর। চাঁদু লক্ষ্মীকে নিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখলেও, লক্ষ্মীর এই চুরির পেশাটি সে মোটেও পছন্দ করে না।

সিনেমার গল্প মোড় নেয় ঠিক তখন, যখন এক ট্রেন যাত্রীর ব্যাগ ব্লেড দিয়ে কেটে কাপড়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু চুরি করে সত্য। স্টেশন থেকে চম্পট দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে সে যখন ওই কাপড়ের প্যাকেট খোলে, তখন তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে দেখে প্যাকেটের ভেতর রয়েছে প্রচুর সোনাদানা, যা মূলত সারাই করার জন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এত সোনা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সত্য এবং মনে মনে সে প্রতিজ্ঞা করে যে এটাই হবে তার জীবনের শেষ চুরি। এই সোনা বিক্রি করে সে বোন লক্ষ্মীর জন্য সুন্দর একটা জীবন গড়ে দিতে চায়। ঠিক তখনই গ্রামের স্থানীয় থানার হেড কনস্টেবল সুদর্শন মাইতির সঙ্গে দেখা হয় সত্যর। মাইতিবাবু কড়া ভাষায় সত্যকে সতর্ক করে জানান যে, যেদিন তিনি এই ভাই-বোনকে হাতে-নাতে ধরবেন, সেদিন সোজা জেলের শিকল পরাবেন।

চুরি করা সেই সোনা নিয়ে সত্য যখন বাড়িতে ফিরে আসে, তখন অন্যদিকে দেখা যায় বোন লক্ষ্মী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চালবোঝাই গাড়ি থেকে বস্তা সমেত চাল চুরি করে নিয়ে আসছে। সত্য সেই চালের বস্তার ভেতরেই অত্যন্ত সুকৌশলে বহুমূল্য গয়নাগুলো লুকিয়ে রাখে। কিন্তু এরপর গল্পের সমীকরণ কোন দিকে মোড় নেবে? পুলিশ কি শেষ পর্যন্ত ধরে ফেলবে এই দুই ভাই-বোনকে? নাকি তাদের জীবনের গল্প অন্য কোনো বাঁক নেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আসন্ন সিনেমা ‘এক যে ছিল চোর’-এর পর্দায়।