বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ড! সিগন্যাল বক্সে আগুন লাগলেই ঘটে যেত বড়সড় রেল দুর্ঘটনা

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়াল বালি হল্ট এলাকায়। এদিন সকালে বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচে থাকা একটি বন্ধ দোকান থেকে হঠাৎই কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথম এই ভয়াবহ দৃশ্যটি নজরে আসে কর্তব্যরত বালি ট্রাফিক পুলিশের কর্মীদের। বিপদ বুঝে তাঁরা কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে বালি দমকল বিভাগে খবর দেন।

খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। বেশ কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জানা গিয়েছে, ঘিঞ্জি ওই এলাকায় পাশাপাশি প্রায় ১২টি দোকান ছিল। দমকল বিভাগের দ্রুত তৎপরতা ও দক্ষতায় বাকি দোকানগুলিকে ভয়াবহ আগুনের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে আগুন নেভানোর আগেই ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

ঘটনাস্থলের একদম পাশেই ছিল বালি স্টেশনের রেললাইন এবং সেখানে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। দমকল কর্মীদের তৎপরতায় সেই মালগাড়িটিও বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। রেল আধিকারিকদের মতে, আগুনের শিখা কোনোভাবে রেললাইনের ওভারহেড ইলেকট্রিক তারে ছড়িয়ে পড়লে চরম বিপর্যয় ঘটতে পারত। পাশাপাশি একদম সামনেই রেলের গুরুত্বপূর্ণ সিগন্যাল বক্স ছিল; সেটি ক্ষতিগ্রস্ত হলে গোটা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যেত। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty