বন্যপ্রাণী শিকারের ফাঁদ নাকি গভীর ষড়যন্ত্র? দেশি বোমা চিবিয়ে খাওয়ার ভয়ংকর পরিণতিতে তোলপাড় দেশ

রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড় বসানোর জেরে মুখের ভেতরে ভয়াবহ বিস্ফোরণে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার কোতোয়ালি থানা এলাকার পাড়ারিয়া গ্রামে গত মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে এই বীভৎস ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রাজেন্দ্র বারোতিয়া। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ঠিক কী ঘটেছিল সেদিন রাতে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে রাজেন্দ্র নিজের বাড়িতেই ছিলেন। সেই সময় রাম নামের এক অভিযুক্ত তাঁর বাড়িতে আসে। দুজনের কথাবার্তার মাঝেই রাম একটি দেশি বোমাকে জনপ্রিয় মিষ্টি ‘রসগোল্লা’ বলে রাজেন্দ্রর হাতে তুলে দেয়। ঘরের ভেতরে পর্যাপ্ত আলো না থাকায় এবং অন্ধকার থাকায় হাতে থাকা বস্তুটি আসল মিষ্টি নাকি কোনো বিস্ফোরক, তা বুঝতে পারেননি সরল প্রকৃতির রাজেন্দ্র। তিনি কোনো কিছু না ভেবেই সেটিতে কামড় বসান। আর ঠিক সেই মুহূর্তেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুখের ভেতরে এই মারাত্মক বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক।

মৃত রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই জানান, বন্যপ্রাণী শিকার করার উদ্দেশ্যে ওই ধরনের দেশি বোমা তৈরি করা হয়েছিল। বিস্ফোরণের বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত রক্তে ভেসে যাওয়া রাজেন্দ্রকে একটি অটোরিকক্ষায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশের জালে অভিযুক্তরা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গা প্রসাদ নাগপুরে জানিয়েছেন যে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত রাম এবং আরও একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। প্রাথমিক জেরায় রাম পুলিশকে জানিয়েছে যে, এক কিশোর তাকে ওই বোমাটি দিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই কিশোরকেও আটক করে জেরা শুরু করেছে। মৃত যুবকের সঙ্গে অভিযুক্তদের কোনো পুরনো শত্রুতা বা ব্যক্তিগত বিরোধ ছিল কি না, কিংবা এর নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।

Aditi Banik
  • Aditi Banik