বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! জেনেনিন পূর্বাভাস

বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির রেশ দেখা গেলেও, আপাতত চলতি সপ্তাহে রাজ্যে আর কোনো ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিক থেকেই বঙ্গে শীতের অনুভূতি আরও জোরালো হবে। আগামী কয়েক দিন জুড়ে সারা বাংলাতেই পারদ পতনের ধারা অব্যাহত থাকবে এবং সপ্তাহান্ত থেকেই রাত ও ভোরের দিকে শীতের হালকা পরশ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।

তাপমাত্রা পতনের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবি ও সোমবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে আপাতত মনোরম আবহাওয়া বজায় থাকবে। আগামী ৭ দিন সমগ্র রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে এবং নতুন করে কোনো জেলার জন্য ঝড়বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকালের দিকে এবং গভীর রাতে হালকা শিরশিরে ঠান্ডার আমেজ অনুভূত হতে শুরু করেছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিনে তাপমাত্রা কিছুটা কমার পর পরবর্তী কয়েক দিন তাপমাত্রার বড় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

উত্তরবঙ্গ ও কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গ থেকেও বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ কেটে গিয়ে শুষ্ক আবহাওয়া ফিরবে। আগামী সোমবারের মধ্যে পার্বত্য ও উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। ফলে উত্তরের পাহাড় থেকে শুরু করে সমতল অঞ্চল—সর্বত্রই শীতের আমেজ বেশ ভালোভাবেই জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আজ থেকে কলকাতাতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশার দাপট বাড়তে পারে। উইকেন্ড বা সপ্তাহান্তে তাপমাত্রা হ্রাসের ফলে মনোরম আবহাওয়া পাবেন কলকাতাবাসী। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৬৫ থেকে ৯৭ শতাংশের মধ্যে, আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৭.২ মিলিমিটার।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবহাওয়ার এই পটপরিবর্তনের মাঝেই বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যে এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ নভেম্বর নাগাদ এই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক অনুমান, এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। তবে এটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি মৌসম ভবন। উল্লেখ্য, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’, যার নামকরণ করেছে ইরান।