৭ লক্ষ কোটির সাম্রাজ্য কার হাতে? উত্তরাধিকার নিয়ে মুখ খুললেন গৌতম আদানি, উত্তরাধিকারীদের ৪ ভাগে ভাগ হল বিজনেস!

ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি গৌতম আদানির ১৭ লক্ষ কোটি টাকার বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল বড় আপডেট। সম্প্রতি ‘ফরচুন ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম আদানি স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর উত্তরসূরি হিসেবে পরবর্তী প্রজন্মের চার প্রভাবশালী সদস্য—দুই ছেলে এবং দুই ভাইয়ের দুই ছেলে—মিলে এই বিশাল বিজনেস এম্পায়ার পরিচালনা করবেন। ১৯৭০-এর দশকে পকেটে মাত্র ১০০ টাকা নিয়ে মুম্বই পাড়ি দেওয়া যে তরুণটি একদিন হিরে ছাঁটাইয়ের কাজ করতেন, আজ তিনি দেশের অন্যতম শক্তিশালী শিল্পপতি। প্রশ্ন উঠছে, কীভাবে ভাগ হতে চলেছে এই বিশাল সাম্রাজ্য?

আদানি গ্রুপের এই নতুন নেতৃত্ব কাঠামোকে ‘জি২ লিডারশিপ’ (G2 Leadership) হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী ১৭ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব চার তরুণ তুর্কির মধ্যে অত্যন্ত সুচারুভাবে ভাগ করে দেওয়া হয়েছে। গৌতম আদানির বড় ছেলে কর্ণ আদানি (৩৯) দেখভাল করবেন পোর্টস, লজিস্টিকস, ট্রান্সপোর্ট এবং সিমেন্ট ব্যবসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি। অন্যদিকে, ছোট ছেলে জিত আদানি (২৯) সামলাচ্ছেন এয়ারপোর্টস, ডেটা সেন্টার, এআই, ডিফেন্স, পেট্রোকেমিক্যালস এবং মেটালসের মতো আধুনিক প্রযুক্তিভিত্তিক ও কৌশলগত খাতগুলি।

পরিবারের অন্য দুই কান্ডারি তথা গৌতম আদানির দুই ভ্রাতুষ্পুত্র প্রণব আদানি (৪৮) এবং সাগর আদানিও (৩২) কাঁধে তুলে নিয়েছেন বিশাল দায়িত্ব। চার জনের মধ্যে বয়সে সবচেয়ে বড় প্রণব আদানি রিয়েল এস্টেট (যেমন ধারাভি রিডেভলপমেন্ট প্রজেক্ট), সিটি গ্যাস নেটওয়ার্ক, ন্যাচারাল রিসোর্সেস এবং এগ্রো বিজনেসের দায়িত্বে রয়েছেন। আর তরুণ তুর্কি সাগর আদানি দেখভাল করছেন গ্রিন এনার্জি, পাওয়ার, পাওয়ার ট্রান্সমিশন এবং গ্রুপের প্রধান ফিনান্স স্ট্র্যাটেজি। আদানি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, উত্তরাধিকার মানেই কোনো প্লেটার সাজিয়ে উপহার দেওয়া নয়, বরং কাজ করে তা অর্জন করতে হয়। ব্যবসার এই নিখুঁত বিভাজনই বলে দিচ্ছে ভবিষ্যতে বিশ্ববাজারে কতটা শক্ত হতে চলেছে আদানির সাম্রাজ্য।