‘খুনি’ থেকে রাতারাতি ঘরের ছেলে! জীতুকে বুকে টেনে নিয়ে কেক খাওয়ালেন মনামীর মা, বিগ বসে চরম নাটক!

বিগ বসের ঘরের অন্দরে সমীকরণ যে কখন কোন দিকে মোড় নেবে, তা আগে থেকে অনুমান করা অসম্ভব। কে কার শত্রু আর কে কার আপন, তা এখানে প্রতিনিয়ত বদলে যায়। ঠিক এমনই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল দর্শকরা, যখন কিছুদিন আগে যাকে সরাসরি ‘খুনি’ তকমা দিয়েছিলেন অভিনেত্রী মনামী ঘোষের মা তমশা দেবী, তাঁকেই এবার হাসিমুখে বুকে জড়িয়ে ধরলেন এবং নিজ হাতে ক্যাপ্টেন্সির কেক খাইয়ে দিলেন। ফ্যামিলি উইকে বিগ বসের ঘরে এসে তিনি এমন একটি ঘটনার জন্ম দিলেন, যা দেখে কার্যত হতবাক হয়ে গেছেন ভক্তরা।
ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক টাস্কের সময়। সেই টাস্কে জীতু কমলের বিরুদ্ধে মনামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শারীরিক আঘাত করার অভিযোগ উঠেছিল। জলে ফেলে দেওয়া থেকে শুরু করে সরাসরি বল দিয়ে মুখে আঘাত করার মতো ঘটনা দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছিলেন মনামীর মা। সেসময় এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে জীতুকে সরাসরি ‘খুনি’ আখ্যা পর্যন্ত দিয়েছিলেন তিনি এবং তাঁকে মেন্টাল হাসপাতালে পাঠানোর দাবিও তুলেছিলেন। দর্শকরা ধরে নিয়েছিলেন, এই দুই প্রতিযোগী তথা তাঁদের পরিবারের মধ্যকার এই তিক্ততা বোধহয় সহজে মিটবে না। এমনকি উইকেন্ডের এপিসোডে খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ও জীতুকে এই বিষয়ে বেশ কড়া শাসন করেছিলেন।
কিন্তু ‘ফ্যামিলি রিইউনিয়ন’ সপ্তাহে বিগ বসের ঘরে প্রবেশ করে একেবারে ভিন্ন এবং আবেগঘন এক ছবি উপহার দিলেন তমশা দেবী। যখন তিনি ঘরের ভেতর মনামীকে খেলার কৌশল বোঝাচ্ছিলেন, ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হন জীতু কমল। দর্শকরা ধরেই নিয়েছিলেন যে এবার বুঝি ঘরের ভেতর চরম অশান্তি বা ঠান্ডা লড়াই শুরু হতে চলেছে। কিন্তু সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে মনামীর মা একগাল হেসে বলে উঠলেন, “জীতু… আমাদের জীতু!” এরপর তিনি নিজে থেকেই জীতুর দিকে এগিয়ে যান এবং জীতুও বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন।
পুরোনো সমস্ত ক্ষোভ ও অভিমানের কথা উল্লেখ করে মনামীর মা জীতুকে জানান যে ওই ঘটনার সময় তিনি একজন মা হিসেবে ভীষণ কষ্ট পেয়েছিলেন। জীতুও তাঁর ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। এরপর আর কোনো দূরত্ব না রেখে সমস্ত অভিমান ভুলে জীতুকে বুকে জড়িয়ে ধরেন তমশা দেবী। অত্যন্ত আবেগপ্রবণ কন্ঠে তিনি বলেন, “খেলার মাঠে এসব তো হয়েই থাকে। তবে আমি তো মা, তাই একটু খারাপ লেগেছিল।”
তবে দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে এর পরের দৃশ্যটি। সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে ক্যাপ্টেন্সি দাবিদারের বিশেষ কেকটি তিনি হাসিমুখে তুলে দেন খোদ জীতুর হাতেই! যে মানুষটিকে তিনি কিছুদিন আগেও গেমের ময়দানে সহ্য করতে পারছিলেন না, আজ তাঁর হাতেই এমন সম্মান তুলে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে বিগ বসের ঘরে মানুষের মন বদলাতে এক মুহূর্তও সময় লাগে না।