‘আবারও হামলার ছক কষা হচ্ছে’— বুলডোজার অ্যাকশনের আগেই বিস্ফোরক অভিষেক

বৃহস্পতিবার সাতসকালেই কালীঘাটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বুলডোজার অভিযান চালাল প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১২১, কালীঘাট রোডের সামনে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের এই অভিযানে সাংসদের বাড়ির সামনের ফুটপাথ থেকে অস্থায়ী কাঠামো এবং একটি লোহার গেট সরিয়ে দেওয়া হয়েছে।
কী কী ভাঙা হলো অভিযানে?
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনের ফুটপাথ জুড়ে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী শেড বা ছাউনি ছিল। এদিন বুলডোজারের সাহায্যে সেই কাঠামোটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরসভার কর্মীরা বাঁশগুলি সরিয়ে ফুটপাথ পরিষ্কার করে দেন। পাশাপাশি, ফুটপাথের ওপর থাকা একটি কালো রঙের বড় লোহার গেট গ্যাসকাটার দিয়ে কেটে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, ওই অস্থায়ী ছাউনি এবং গেটের কারণে সাধারণ মানুষের ফুটপাথ দিয়ে চলাচলে দীর্ঘদিন ধরেই সমস্যা হচ্ছিল। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনকে কেন্দ্র করেও ওই অস্থায়ী শেডের নীচে ভিড় ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল।
পুলিশি নজরদারি ও হামলার আশঙ্কা অভিষেকের
বৃহস্পতিবারের এই অভিযানের ঠিক আগেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন, কলকাতা পুলিশের আধিকারিকরা সরকারি গাড়ি ও বাইক নিয়ে তাঁর বাড়ির চারপাশে বেআইনিভাবে ‘রেইকি’ বা নজরদারি চালাচ্ছেন। ভিডিওতে সাদা হেলমেট পরা কয়েকজন বাইক আরোহী এবং পুলিশের স্টিকার লাগানো একটি বাইক দেখা গিয়েছে বলে দাবি করা হয়।
এই প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে অভিষেক লেখেন, “আবারও আমার ওপর হামলার ছক কষা হচ্ছে। আমাকে ভয় দেখিয়ে এবং হামলা চালিয়ে আমার কণ্ঠরোধ করতেই কি এত মরিয়া প্রশাসন?”
অন্যদিকে, কালীঘাট তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, মূলত ওই অস্থায়ী কাঠামোটি খোলার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল। তবে প্রশাসনের অভিযানের আগেই অভিষেকের অফিসের কর্মীরা নিজেরাই ওই কাঠামো খোলার কাজ শুরু করেছিলেন বলে দলের ওই সূত্রের তরফে জানানো হয়েছে।