“১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড ফায়ার!”-ভাইফোঁটার দুপুরে কুলগামের সেনা চৌকিতে অতর্কিত হামলা

ভাইফোঁটার আনন্দমুখর দুপুরের মধ্যেই বড়সড় নাশকতার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়। বুধবার দুপুরে সিআরপিএফ (CRPF)-এর একটি অস্থায়ী চেকপোস্ট লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় একদল জঙ্গি। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা। এই আকস্মিক হামলায় তিন জন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে (যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম)।

সিসিটিভিতে ধরা পড়ল হামলার রোমহর্ষক মুহূর্ত

প্রকাশিত সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, কীভাবে একটি মোটরবাইকে চড়ে অতর্কিতে সেনা চৌকির কাছাকাছি এসে হাজির হয় আক্রমণকারীরা। বুধবার দুপুর ঠিক সোয়া দু’টো নাগাদ ওই বাইকটি চৌকির সামনে থামার পরেই মুহূর্তের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

জাতীয় এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, হামলাকারীরা মাত্র ১৫ সেকেন্ডের ব্যবধানে অন্তত ৩০ রাউন্ড গুলি চালায়। যদিও মুহূর্তের মধ্যে তৎপর হয়ে পাল্টা জবাব দিতে শুরু করেন ডিউটিরত সিআরপিএফ জওয়ানেরা। জওয়ানদের পাল্টা প্রতিরোধের মুখেই টিকতে না পেরে দ্রুত বাইক ঘুরিয়ে চম্পট দেয় জঙ্গিরা।

বিশেষ সূত্রে খবর, মোটরবাইকে চেপে মোট তিন জন জঙ্গি এই হামলায় অংশ নিয়েছিল। যার মধ্যে লতিফ নামের এক জঙ্গির নাম উঠে আসছে এবং তার সঙ্গে আরও দু’জন পাকিস্তানি জঙ্গি ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট গভর্নর, এলাকায় কড়া নিরাপত্তা

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার দিনই কুলগাম জেলায় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিন দিনের বিশেষ ‘ভেশো উৎসব’-এ যোগ দিতে কুলগামে গিয়েছেন তিনি। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে হামলার ঘটনাস্থল থেকে তিনি নিরাপদ দূরত্বেই ছিলেন বলে জানা গিয়েছে।

এলাকা ঘিরে চিরুনি তল্লাশি

ঘটনার পরেই গোটা কুলগাম জেলা জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। হামলাকারীদের দ্রুত পাকড়াও করতে গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আশপাশের অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া গাড়ি নিয়ে রাস্তায় টহল দিচ্ছেন জওয়ানরা। পাশাপাশি, সাধারণ মানুষকেও সতর্ক থাকার ও বাড়ির ভেতরেই থাকার নির্দেশ দিয়ে মাইকে প্রচার চালানো হচ্ছে।