অখিলেশ-যোগীর কপালে চিন্তার ভাঁজ! UP ভোটে ওয়েইসি-চন্দ্রশেখর হাত মেলাতেই বদলাচ্ছে সমীকরণ?

উত্তরপ্রদেশে আসন্ন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন এনডিএ (NDA) ও ইনডিয়া (INDIA) জোটের মধ্যে মূল লড়াইয়ের আবহ তৈরি হচ্ছিল, ঠিক তখনই রাজনীতির দাবার চাল সম্পূর্ণ বদলে দিতে ময়দানে নামছে এক নতুন শক্তি। শাসক ও বিরোধী— উভয় শিবিরেরই সমস্ত হিসেবনিকেশ উল্টে দিয়ে উত্তরপ্রদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করতে চলেছে এক শক্তিশালী ‘তৃতীয় ফ্রন্ট’ (Third Front)। সর্বভারতীয় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টির সভাপতি চন্দ্রশেখর আজাদ জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
লখনউতে মহাধামাকা ঘোষণা
জানা গিয়েছে, লখনউয়ের দয়াল প্যারাডাইস হোটেলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দুই শীর্ষ নেতা আনুষ্ঠানিকভাবে এই জোট গঠনের কথা ঘোষণা করবেন। এই হাইভোল্টেজ প্রেস মিটেই আত্মপ্রকাশ ঘটা নতুন ফ্রন্টের নাম ও প্রাথমিক রূপরেখা সামনে আনা হবে। রাজনৈতিক সূত্রের খবর, রাজ্যের প্রায় ১৫০টি বিধানসভা আসনে নিজেদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এই নব্য গঠিত জোট।
কেন রক্তচাপ বাড়ছে বিজেপি, কংগ্রেস ও সমাজবাদী পার্টির?
উত্তরপ্রদেশে বিগত কয়েক বছর ধরে লড়াইয়ের জমি প্রস্তুত করছিল বিজেপি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP) এবং কংগ্রেস। কিন্তু ওয়েইসি ও চন্দ্রশেখরের এই জোট কেন অনুঘটকের কাজ করতে পারে?
আসলে, উত্তরপ্রদেশের রাজনীতিতে রাজনৈতিক সমীকরণের মূল চাবিকাঠি হলো ‘দলিত-মুসলিম’ ভোটব্যাঙ্ক। আসাদউদ্দিন ওয়েইসির মূল লক্ষ্য থাকবে মুসলিম অধ্যুষিত আসনগুলিতে নিজেদের আধিপত্য কায়েম করা, অন্যদিকে মায়াবতীর বিএসপি (BSP)-র রাজনৈতিক প্রভাব কিছুটা ম্লান হওয়ার সুযোগে চন্দ্রশেখর আজাদ চেষ্টা করছেন দলিতদের একছত্র প্রতিনিধি হিসেবে উঠে আসতে। তাছাড়া, এই নতুন ফ্রন্টে আরও বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে। এই জোট সফলভাবে এক ছাতার তলায় এলে রাজ্যের প্রায় ৪০ শতাংশ দলিত-মুসলিম ভোটব্যাঙ্কে সরাসরি থাবা বসাবে, যা এনডিএ এবং ইনডিয়া— দুই শিবিরের জন্যই মারাত্মক উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
অখিলেশের প্রত্যাখান ও ওয়েইসির রণকৌশল
সূত্রের দাবি, আসাদউদ্দিন ওয়েইসি রাজ্যের অন্ততঃ ৪০ থেকে ৪৫টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ আসনের দিকে বিশেষ নজর রাখছেন এবং ইতোমধ্যেই প্রচারের রূপরেখা সাজাতে শুরু করে দিয়েছেন। উল্লেখ্য, এর আগে বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইনডিয়া (INDIA) জোটে শামিল হওয়ার আগ্রহ দেখালেও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। ফলে এখন স্বতন্ত্রভাবেই নিজের শক্তি প্রদর্শনে নামছেন ওয়েইসি।
চন্দ্রশেখর আজাদের সামাজিক সমীকরণ
অন্যদিকে, বিএসপির সাংগঠনিক শিথিলতার সুযোগ নিয়ে রাজ্যের দলিত রাজনীতিতে অখিলেশ যাদব যে স্থান দখলের চেষ্টা করছিলেন, চন্দ্রশেখর আজাদের এই পদক্ষেপে সেখানে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। দলিত ও মুসলিম যুবসমাজের ওপর এই দুই নেতার যৌথ প্রভাব বিরোধী শিবিরের সামাজিক গতিপ্রকৃতি এবং ভোট ভাগাভাগির পাটিগণিতকে সম্পূর্ণ বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
লখনউয়ের আজকের সাংবাদিক বৈঠকের পর এই তৃতীয় ফ্রন্টের আসন বণ্টন ও মূল নির্বাচনী কৌশল ঠিক কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর পুরো দেশের।