“কালীঘাটে নেই ভিড়, দলও ভাঙা!”-ভাইফোঁটার দিনে কার কাছে ছুটে গেলেন ফিরহাদ-অরূপরা?

ভাইফোঁটার দিন এলেই অতীতে যে কালীঘাটের বাড়িতে তিলধারণের জায়গা থাকত না, আজ সেই ছবি সম্পূর্ণ বদলাল। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও তৃণমূলের ভাঙনের জেরে চলতি বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আর বসল না ভাইফোঁটার ঐতিহ্যবাহী আসর। তবে দিদি মমতার বাড়ি ফাঁকা থাকলেও, অন্য এক ‘নতুন দিদি’র হাত থেকে ফোঁটা নিতে দেখা গেল দলের হেভিওয়েট নেতাদের।
কালীঘাটের পাট চুকেছে, গন্তব্য চন্দ্রিমা-শিবির
বহু বছর ধরে ভাইফোঁটার দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নিয়মিত হাজিরা দিতেন ববি হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্রের মতো প্রভাবশালী নেতারা। এদিনের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। দিদি মমতার বাড়িতে এবার কোনো আয়োজন না থাকায়, এদিন দুপুরে ঋতব্রত বন্দোপাধ্যায়ের শিবির ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগেই ভাইফোঁটার আসর বসে। সেখানে উপস্থিত হন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, শান্তনু সেন ও মদন মিত্রের মতো নেতারা। চন্দ্রিমার কাছ থেকেই তিলক কেটে ভাইফোঁটা নেন তাঁরা।
৩৫ বছরের ধারা ভাঙায় মন খারাপ ববির
মমতার বাড়িতে ফোঁটা না পাওয়ার আক্ষেপ লুকোননি রাজ্যের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানান, টানা ৩৫ বছর ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ভাইফোঁটা নিয়ে এসেছেন। কিন্তু এবার কালীঘাটে কোনো আয়োজন না থাকায় তাঁকে ডাকও হয়নি। চন্দ্রিমা ভট্টাচার্য আমন্ত্রণ জানানোয় তিনি সেখানে গেলেও, মন যে কিছুটা ভারাক্রান্ত, তা অকপটে স্বীকার করে ববি বলেন, “একটু তো খারাপ লাগছেই।”
মমতাকে কটাক্ষ মদন মিত্রের
ভাইফোঁটা নিতে বসেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, “ভাইফোঁটা বন্ধ বলে ওঁদের তরফে ঘোষণা করা হয়েছে। এটা ঠিকই বলেছেন। ভাইয়েরা সব বড় হয়ে গিয়েছে, দাদা হয়ে গিয়েছে, তাই ভাইফোঁটা হচ্ছে না। তবে উনি তো অন্য ছোট ভাইদের নিয়েও করতে পারতেন, দিতে পারতেন ‘গণফোঁটা’!”
পাশাপাশি খোঁচা দিয়ে মদন আরও বলেন, “আমি তো ভাবছি বাবুনকে বলব সকলকে নিয়ে ভাইফোঁটা পালন করতে, ধুমধাম করে পুজো করতে ওর বাড়িতে। আমরা সকলে সেখানে ভোগ খেতে যাব।”
রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার পালাবদলের পর ভাইফোঁটার এই পরিবর্তন কেবল একটি উৎসবের ছবি বদলায়নি, বরং শাসক দলের অন্দরের রাজনৈতিক সমীকরণ ও দূরত্বের ছবিটাও আরও একবার স্পষ্ট করে দিল।