মোবাইলের বায়না না মেটায় ৩ বছরের খুদের গলায় ছুরি! ভয়ঙ্কর কাণ্ড ঘটাল ১৪ বছরের কিশোরী

একটি স্মার্টফোন কিনে দেওয়ার দাবি পূরণ না হওয়ায় তিন বছরের নিজেরই খুড়তুতো ভাইকে ঘরে আটকে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে পণবন্দি করল এক ১৪ বছরের কিশোরী! ঘটনাটির ভয়াবহতায় আঁতকে উঠেছেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা। চাঞ্চল্যকর এই অপরাধমূলক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবকাশীতে।
মোবাইলের অদম্য নেশাই ডেকে আনল বিপদ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই কিশোরী ছোটবেলায় মাকে হারায়। তারপর থেকেই সে তার মাসির কাছে লালিত-পালিত হচ্ছিল। বর্তমানে স্কুলছুট ওই কিশোরী বেশ কিছুদিন ধরে পরিবারের সদস্যদের কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। কিন্তু আর্থিক অনটন ও অন্যান্য কারণে পরিবার তার সেই দাবি মেনে নিতে পারেনি।
অভিযোগ, পরিবারের পক্ষ থেকে ফোন কিনে দিতে অস্বীকার করায় চরম ও হিংসাত্মক সিদ্ধান্ত নেয় সে। একদিন মাসির তিন বছর বয়সী নাতিকে (নিজের খুড়তুতো ভাই) কৌশলে একটি ঘরে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর শিশুটির গলায় ধারালো ছুরি উঁচিয়ে হুমকি দিতে থাকে—অবিলম্বে তাকে মোবাইল কিনে না দিলে সে শিশুটির গলায় ছুরি চালিয়ে দেবে!
ঘণ্টার পর ঘণ্টা চরম আতঙ্ক, উদ্ধার অভিযান: কোলে থাকা একরত্তি শিশুর জীবন সংশয়ের কথা জানতে পেরে ঘটনাটি নজরে আসতেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির বাবা-মা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাায় তারা প্রতিবেশীদের ডেকে আনেন। প্রতিবেশীরা দরজা খোলার জন্য বারবার ওই কিশোরীকে বোঝানোর চেষ্টা করলেও সে অনড় থাকে। খবর দেওয়া হয় শিবকাশী ইস্ট থানার পুলিশকে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছলে সেখানেও বেশ কিছুক্ষণ চাপানউতোর চলে। পুলিশ ও পরিবারের ক্রমাগত বোঝানোর পর শেষ পর্যন্ত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
খুদে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে ফোন আদায়ের এই ভয়াবহ প্রবণতা আধুনিক যুগে কিশোর-কিশোরীদের মানসিক বিকৃতি ও স্মার্টফোনের মারাত্মক কুপ্রভাবকেই চরমভাবে তুলে ধরছে।