বিগ বসের খেলায় বিরাট মোড়! মায়ের মুখ দেখে থামল না সোনামণির কান্না, সোশ্যাল মিডিয়ায় কী নিয়ে শুরু জোর তরজা?

‘বিগ বস’-এর ঘরে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন ও মারাত্মক আবেগের অধ্যায়! সম্প্রতি প্রকাশ্যে আসা রিয়্যালিটি শো-এর নতুন প্রমো ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা শুরু হয়েছে। সেই ভাইরাল প্রোমোতে দেখা যাচ্ছে, প্রতিযোগীদের নিয়ে এক অভূতপূর্ব ও মজার খেলা খেলাচ্ছেন স্বয়ং ‘বিগ বস’। আচমকা যখনই বাড়ির সদস্যদের উদ্দেশ্যে ‘পজ’ বলা হচ্ছে, তাঁরা যে যেখানে যে অবস্থায় আছেন, ঠিক সেই অবস্থাতেই থমকে যেতে বাধ্য হচ্ছেন।

তবে এই খেলার সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে রয়েছে অন্যদিকে। এই ‘পজ’ মোমেন্টের মাঝেই প্রতিযোগীদের চমকে দিয়ে একের পর এক সারপ্রাইজ এন্ট্রি ঘটাচ্ছেন তাঁদের পরিবারের কাছের মানুষেরা! প্রিয়জনদের এতদিন পর নিজের চোখের সামনে দেখে প্রতিযোগীরা আর নিজেদের আবেগ ধরে রাখতে পারছেন না। ক্লিপটিতে দেখা যায়, সৃজলা গুহর বোন লিমা ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করতেই থমকে থাকা অবস্থাতেই সৃজলা হাউহাউ করে কেঁদে ফেলেন এবং বোনকে শক্ত করে জড়িয়ে ধরেন। ঠিক একইভাবে সোনামণির মা আসতেই চোখের জলে ভেসে যান সোনামণিও।

এই প্রমো ভিডিওটি নেটপাড়ায় আসতেই দর্শক মহলে কৌতূহল তুঙ্গে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, লিমা কি সৃজলাকে জিতুর সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে কোনো গোপন পরামর্শ বা বার্তা দেবেন? অন্যদিকে, সোনামণির মা এসে কি মেয়ের ভাঙা মনোবল ফিরিয়ে আনবেন নাকি রাজবীরের ষড়যন্ত্রের কথা ফাঁস করবেন? উত্তর মিলবে আগামী পর্বেই!