স্টেশন পরিচ্ছন্ন রাখতেই কেল্লাফতে! ১ লক্ষ অভিযানে কত কোটি আয় করল ভারতীয় রেল?

পুরনো লোহালক্কড় ও অব্যবহৃত বাতিল সামগ্রী বা ‘স্ক্র্যাপ’ বিক্রি করেই বাম্পার আয় করল ভারতীয় রেলওয়ে! গত ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত ‘বিশেষ অভিযান ৬’-এর মাধ্যমে রেলের ভাঁড়ারে ঢুকেছে ৬২৮.৪৯ কোটি টাকা। এই বিশাল অঙ্কের আয় রেল মন্ত্রকের নির্ধারিত ৬০০ কোটি টাকার লক্ষ্যমাত্রাকেও বহু দূর পেছনে ফেলে দিয়েছে। শুধু আর্থিক লাভই নয়, এই বিশাল স্ক্র্যাপ অপসারণের ফলে রেলের প্রায় ১৪ একরেরও বেশি বহুমূল্য জমি খালি করা সম্ভব হয়েছে।
রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই এক মাসব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন জোনাল রেলওয়ে, ডিভিশন, কারখানা ও সরকারি সংস্থায় ১ লক্ষেরও বেশি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এর পাশাপাশি সফলভাবে অপসারিত হয়েছে দেড় লক্ষেরও বেশি ইলেকট্রনিক বর্জ্য বা ‘ই-বর্জ্য’। কেবল এই ই-বর্জ্য পুঞ্জীভূত করে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণের মাধ্যমেই রেলের অতিরিক্ত ১০.৪৩ কোটি টাকা আয় হয়েছে।
পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার বাইরেও প্রশাসনিক কাজে গতি আনতে বিশেষ নজর দেওয়া হয়েছিল। বহু পুরনো ভৌত ও ডিজিটাল নথিপত্র পর্যালোচনা করার পাশাপাশি জনসাধারণের জমে থাকা অভিযোগ, সংসদীয় প্রতিশ্রুতি ও ভিআইপি আবেদন দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি ২২ অক্টোবর দেশের প্রায় ৫,৮৮৪টি রেল স্টেশনে একযোগে ‘রেল জন সংবাদ’-এর আয়োজন করা হয়, যেখানে সাধারণ যাত্রীরা সরাসরি রেলের শীর্ষ কর্তাদের কাছে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরার সুযোগ পান।