বিনা বৃষ্টিতেই ‘জলমগ্ন’ উত্তর কলকাতা! টালার মেগা পাইপলাইনে ধস নামতেই যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা!

কোনো রকম বৃষ্টি ছাড়াই আচমকা ভাসল উত্তর কলকাতা। টালা ব্রিজের নিচে ৭২ ইঞ্চির মূল পানীয় জলের পাইপলাইন ফেটে গিয়ে চরম বিপর্যস্ত পুরো এলাকা। বড় রাস্তা থেকে শুরু করে গলিঘুঁজি— সর্বত্র তখন থৈ থৈ জল। এই ভয়াবহ বিপত্তির জেরে কেবল যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থমকে গিয়েছে তা নয়, কার্যত স্তব্ধ হয়ে পড়েছে উত্তর কলকাতার রেল যোগাযোগ ব্যবস্থাও।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সামাল দিতে দ্রুত বিকল্প পথ খুঁজে বের করেছে কলকাতা পুরসভা। ফাটল ধরা সুবিশাল ৭২ ইঞ্চির পাইপলাইনটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রেখে টালা ব্রিজের নিচের ১২ ইঞ্চির সাপ্লাই লাইন দিয়ে বাইপাস করে জল সরবরাহ সচল রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরসভার ইঞ্জিনিয়ারদের প্রাথমিক লক্ষ্য হলো শহরবাসীর জন্য পানীয় জলের সরবরাহ বজায় রাখা। পরবর্তীতে সেই সুবিশাল ফাটলযুক্ত পাইপটি পুরোপুরি মেরামত করা হবে।
উল্লেখ্য, পলতা থেকে আসা ৬টি প্রধান লাইনের মাধ্যমে প্রতিদিন ৯ মিলিয়ন গ্যালন ধারণক্ষমতার টালা ট্যাঙ্কে জল আসে। তার মধ্যে একটি পাইপলাইন ফেটে যাওয়াতেই মূল বিপর্যয়টি ঘটে। বিশেষ করে টালা বারোয়ারি চত্বর এবং বনমালী চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকা দ্রুত জলমগ্ন হয়ে পড়ে, এমনকি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। পরিস্থিতির ভয়াবহতা দেখে সোমবার এলাকা পরিদর্শনে যান পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। নিরাপত্তার স্বার্থে বনমালী সরকার স্ট্রিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এই বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়েছে রেল চলাচলেও। টালা ব্রিজের নিচে রেললাইনের ওপর জল জমে যাওয়ায় টালা থেকে মাঝেরহাট পর্যন্ত চক্ররেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং কিছু ট্রেন বাতিল ও ঘুরপথে চালনা করা হচ্ছে।