“ওদের খুঁজতে এবার চিনে যেতে হবে!” বামেদের বুক স্টল ভাঙচুর নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী

রাজ্যজুড়ে একাধিক উৎসবের মণ্ডপের আশপাশে বামেদের বইয়ের স্টল (CPIM Book Stall) ভাঙচুর ও অশান্তির অভিযোগ ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই আবহে দিঘা সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বামেদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে এক হাত নিলেন বিরোধী শিবিরকে।

সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, “রাজ্যের একাধিক জায়গায় বামেদের বুক স্টল ভাঙার অভিযোগ উঠছে, বিষয়টি আপনি কীভাবে দেখছেন?”

প্রশ্নটি শোনামাত্রই নিজের চেনা ভঙ্গিতে চাঁচাছোলা উত্তর দেন মুখ্যমন্ত্রী। রসিকতা ও কটাক্ষের সুরে তিনি বলেন, “ওরা আর কোথাও আছে নাকি? ওদের খুঁজতে হলে তো এবার চিনে যেতে হবে!”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল ওঠে। রাজ্যজুড়ে যেখানে বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে, সেখানে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য যে বিতর্ক ও রাজনীতির পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সিপিএমের তরফে অবশ্য এখনও এই নিয়ে পালটা কোনও প্রতিক্রিয়া মেলেনি।