‘ঈশ্বর ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না!’ বিবাহবিচ্ছেদের মামলার মাঝেই গোবিন্দকে নিয়ে বিস্ফোরক দাবি সুনীতার

বলিউড পাড়ায় গত কয়েকদিন ধরেই অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘদিনের বৈবাহিক জীবন নিয়ে শোরগোল তুঙ্গে। তারকা দম্পতির সম্পর্ক ভাঙার গুঞ্জন যখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, ঠিক তখনই সমস্ত জল্পনায় জল ঢেলে মুখ খুললেন সুনীতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, তাঁদের ৪০ বছরের মজবুত সম্পর্কে ফাটল ধরানো অত সহজ নয়। যদিও গোবিন্দের বিরুদ্ধে একসময় আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন তিনি, তবে পরবর্তীতে সেই মামলা তুলে নেওয়া হয়। সুনীতার এই খোলামেলা বক্তব্যে পরিষ্কার যে, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, এই কঠিন সময় তারা একসঙ্গে পার করে নেবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা বলেন, “আমরা সম্পর্কটাকে আবার সময় দেওয়ার চেষ্টা করব। আবার নতুন করে সমীকরণ মেরামত করে নেওয়ার চেষ্টা করব। কেন করব না বলতে পারেন? এটা একটা খারাপ সময় আমি মেনে নিচ্ছি, কিন্তু আমরা এই সময়টার সঙ্গে লড়াই করে নেব। আমাদের ৪০ বছরের বৈবাহিক সম্পর্ক, সেটা এত সহজে ভেঙে যাবে কেন? আমাদের মধ্যে সব ঠিক আছে, ও (গোবিন্দ) ওর ইচ্ছামতো কাজ করছেন। আমি কাজ করছি, কেরিয়ারের দিকে মন দিয়েছি। কিন্তু তার মানে এটা নয় যে, আমাদের বৈবাহিক সম্পর্ককে যে কেউ ভেঙে দেবে। আমাদের গোটা জীবন কেউ আলাদা করতে পারবে না। একমাত্র ঈশ্বর ছাড়া আমাদের আর কেউ আলাদা করতে পারবেন না। যা যা আমাদের জন্য ঠিক, ঈশ্বর সেটাই করবেন আমাদের জন্য।”

তবে এই পারিবারিক সমীকরণে নতুন মোড় এসেছিল যখন গণেশ পুজোয় অভিনেত্রী কোমল রানিকে সঙ্গে নিয়ে লালবাগরাজা দর্শনে গিয়েছিলেন গোবিন্দ। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, গোবিন্দ কোমলকে আগলে রেখেছেন এবং কোমলের সিঁথিতে রয়েছে সিঁদুর। এই ঘটনার পরেই সুনীতার তীব্র আক্রমণের জবাবে নাম না করে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন কোমল। তিনি সরাসরি প্রশ্ন তুলেছিলেন যে, সুনীতা ও গোবিন্দের সম্পর্ক যদি এতই নিখুঁত হয়, তবে কেন অতীতে বিচ্ছেদের মামলা দায়ের করা হয়েছিল? যদিও গোবিন্দপত্নী সেই সমস্ত আইনি পদক্ষেপ সরিয়ে রেখে বর্তমানে সংসার টিকিয়ে রাখার ওপরই সবথেকে বেশি জোর দিচ্ছেন।