‘রামাায়ণ’-এর তাণ্ডবে ছারখার নয়নতারা! বক্স অফিসে ১০০ কোটির ‘মুকুতি আম্মান ২’-এর ভয়াবহ ধস

লেডি সুপারস্টার নয়নতারার ফ্যান্টাসি-স্পিরিচুয়াল ড্রামা ‘মুকুতি আম্মান ২’ বক্স অফিসে চরম বিপর্যয়ের মুখোমুখি। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বটি করোনা মহামারীর কারণে ওটিটিতে মুক্তি পেয়ে দর্শকমহলে দারুণ সমাদৃত হয়েছিল। কিন্তু ঠিক ৬ বছর পর, ১০০ কোটি টাকারও বেশি বিশাল বাজেটে নির্মিত এই সিক্যুয়েলটি সিনেমাঘরে পা রাখতেই থমকে গিয়েছে। রণবীর কাপুরের ‘রামাায়ণ’ এবং দক্ষিণ আফ্রিকার পটভূমিতে তৈরি সূর্যর মেগা অ্যাকশন ছবি ‘সিন’-এর মতো দুটি ব্লকবাস্টার ঝড়ের মাঝে পড়ে নয়নতারার ছবির সংগ্রহ কার্যত তলানিতে এসে ঠেকেছে।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের (Sacnilk) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ভারতের বাজারে ‘মুকুতি আম্মান ২’ সংগ্রহ করতে পেরেছে মাত্র ১০.৩৫ কোটি টাকা (নেট কালেকশন ৮.৯৩ কোটি টাকা)। হিন্দি বলয়ে ছবিটিকে নিয়ে কোনো উন্মাদনা তৈরি হয়নি এবং বিদেশের প্রেক্ষাগৃহেও সেভাবে জায়গা পায়নি এই ছবি। বর্তমানে দেশের অধিকাংশ সিনেমা হলই দখল করে রেখেছে ‘রামাায়ণ’, যা ৪ দিনেই ৫০০ কোটির ব্যবসা পার করে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে সূর্যর ‘সিন’ ছবি মাত্র ৩ দিনে ১১৬.৬৫ কোটি কামিয়ে বাজেটের দ্বিগুণ তুলে ফেলেছে। সুন্দর সি পরিচালিত এই স্পিরিচুয়াল ফ্র্যাঞ্চাইজিটি শেষ পর্যন্ত নিজের নির্মাণ খরচটুকুও তুলতে পারবে কি না, তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে।