“বাজি ফাটলে অসুখ পালায়!” কালীপুজোয় শব্দদানবের তাণ্ডবের মাঝেই বিজেপি বিধায়কের আজব দাবি

কালীপুজোর রাতে আলোকের উৎসব পরিণত হলো শব্দবাজির তাণ্ডবে। আদালতের নির্দেশ ও প্রশাসনের সমস্ত বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলল নিষিদ্ধ বাজির দৌরাত্ম্য। সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয় কলকাতার বিভিন্ন সাইলেন্স জোনে। হাসপাতাল চত্বরে শব্দবাজির এই দাপটে কার্যত প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে চিকিৎসাধীন রোগীদের।

এই চরম পরিস্থিতির মধ্যেই এক অদ্ভুত ও বিতর্কিত তত্ত্ব হাজির করেছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বাজি ফাটানো প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।” একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি আরও যোগ করেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, বাজি তো হবেই। কালীপুজো হবে, বাজি হবে না! তাই বাজিটা হোক। তবে থানার নির্দেশ মেনেই আমাদের বাজি ফাটানো উচিত।” বিজেপি বিধায়কের এই “অসুখ দূর হওয়ার” তত্ত্ব শুনে তাজ্জব বনে গেছেন পরিবেশবিদ থেকে শুরু করে সাধারণ চিকিৎসা সমাজ।

অন্যদিকে, এই শব্দ তাণ্ডব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে তিনি লেখেন, “কখন থামবে এই শব্দের দাপট? ঘুমোতে পারছি না।” যদিও বিতর্ক বাড়ার আশঙ্কায় পরবর্তীতে পোস্টটি ডিলিট বা মুছে দেন রূপা।

পরিস্থিতি খতিয়ে দেখতে কালীপুজোর রাতে সরেজমিনে তদন্তে নামেন ‘সবুজ মঞ্চ’ নামক পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা। রাত সাড়ে ৮টা নাগাদ বিসি রায় শিশু হাসপাতাল চত্বরে পৌঁছান তাঁরা। সাইলেন্স জোনে দাঁড়িয়ে সাউন্ড মিটার মেপে পরিবেশকর্মী সুদীপ্ত ভট্টাচার্য জানান, যেখানে নীরব এলাকায় শব্দের মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবেলের মধ্যে থাকার কথা, সেখানে পরিমাপক যন্ত্রে শব্দের মাত্রা ধরা পড়ে ৭৬.২ ডেসিবেল এবং সর্বোচ্চ মাত্রা পৌঁছায় ৯২.৮ ডেসিবেলে!

সবুজমঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের মতো সাইলেন্স জোনে ৮০-৯০ ডেসিবেলের আওয়াজ উঠছে, ভাবা যাচ্ছে না। প্রশাসন অন্তত হাসপাতালগুলোকে তো রেহাই দিতে পারত!” পরবর্তীতে আর জি কর হাসপাতালে গিয়ে দেখা যায়, খোদ হাসপাতাল চত্বরেই শব্দবাজি ফাটাচ্ছিলেন কিছু ছাত্র। সবুজমঞ্চের কর্মীদের দেখে তারা চম্পট দেয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রে ১২৫ ডেসিবেল এবং সাইলেন্স জোনের ১০০ মিটারের মধ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, বাস্তবে তা অমান্য করার চিত্রই ধরা পড়ল তিলোত্তমায়।